দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ঘর। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
জানা গেছে, টাইলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. মরম আলীর ছেলে বকুল মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধা মৃত. মরম আলীর ছেলে মাওলানা গুলজার আহমদ, মৃত. জহুর আলীর ছেলে রহমান উল্লাহ, মৃত. আপত্তর আলীর ছেলে আব্দুল মতিন ও ওয়াকিব মিয়া, মো. হুসমত আলীর ছেলে আব্দুল হাসিম, মৃত. তইয়ব উল্লাহর ছেলে রছদ উল্লাহ, মৃত. ছমেদ উল্লার ছেলে ফছন্দর উল্লাহ সহ প্রায় ১০টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাত ১০ দিকে হঠাৎ আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে সবাই আগুন আগুন বলে চিৎকার শুরু করে। আমরা এসে আগুন নেভানোর চেষ্টা করেছি।
ক্ষতিগ্রস্ত মো. বকুল মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে আমার ঘরে প্রথমে আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই পাশের ঘরের আরো কমপক্ষে দশটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর জন্য পৌঁছতে কিছুটা বিলম্ব হলেও গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।