- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে এক পরিবারেই ৫ জন করোনায় আক্রান্ত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া (ঘরোয়া) গ্রামের একই পরিবারে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পরিবারটির ১০জন সদস্যের নমুনা পরীক্ষা করলে সরাসরি এন্টিজেন টেস্টের মাধ্যমে ৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মোজাহারুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এক পরিবারের ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকেই ৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মাঝে ১ জন ১৫ বছরের কিশোর, ১ জন যুবক ও ৩ জন নারী রয়েছে। নারী রোগীদের বয়স যথাক্রমে ২৫, ৩২ ও ৬৫ বছর। অপর যুবকের বয়স ৩২ বছর। তারা প্রত্যেকেই হোম আইসোলেশনে আছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি বলেন, একই পরিবারের ৫ জন আক্রান্ত হয়েছেন। তারা এখন বাড়িতেই আছেন। প্রয়োজন হলে তাদের হসপিটালাইজ করা হবে। তাদেরকে আমাদের ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জে সর্বমোট ১শ ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১শ ৪৭ সুস্থ্য হয়েছেন। মৃত্যু বরণ করেছেন ১ জন। নতুন করে এ রোগে আক্রান্ত আছেন ১৩ জন।

  • [১]