দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে তুুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান শাহীন রহমান (৩৫) নামের ওই যুবক। তিনি হরিপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে। শনিবার বিকাল ৩টায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক শরীফ মিয়া কে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের শরীফ মিয়ার (৪২) সাথে কথা কাটাকাটি হয় শাহীন রহমানের। কথা কাটাকাটির ঘটনাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এসময় শরীফ মিয়া ধারালো ছুরি দিয়ে শাহীন রহমানকে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘাতক শরীফ মিয়া (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ঘটনার পর থেকে হরিপুর গ্রামের শাহীন রহমানের বাড়িতে চলছে শোকের মাতম। এলাকায় ঘনীভূত হচ্ছে সংঘর্ষের আশঙ্কা। যে কোনো ধরণের আপত্তিকর ঘটনা এড়ানে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে থানা পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর বলেন, হরিপুর গ্রামের শাহিন আহমদ ও শরিফ উদ্দিন পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাদের পরষ্পরের মধ্যে লেনদেন ছিল। এর জের ধরে শনিবার কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফ উদ্দিন ধারালো ছুরি দিয়ে শাহীন আহমদের বাম উরুতে উপর্যপুরি ছুরিকাঘাত করে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে আসছিলেন। পথেই মারা যান শাহিন আহমদ। ঘটনার সাথে জড়িত মূল আসামী শরীফ মিয়াকে আমরা গ্রেফতার করেছি। অন্য কেউ জড়িত কি না আমরা তা খতিয়ে দেখছি। যদি কেউ জড়িত থাকেন তাহলে তাদেরকেও গ্রেফতার করা হবে। পুলিশ ঘটনাস্থলে আছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিসক ডা. রফিকুল ইসলাম বলেন, উপর্যুপুরি ছুরিকাঘাতে বাম উরুর রক্তনালি কেটে অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবক মারা গেছেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।