পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় নয় চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা। পুলিশের জিজ্ঞাসাবাদে বাকী সাত জনের কথা স্বীকার করেছে তারা। আটককৃত চোর সদস্যরা হলো শফিক মিয়ার ছেলে শামীম আহমদ (২৬) ও রাজেন্দ্র দেবনাথের ছেলে বীরেন্দ্র দেবনাথ (৩২)। দুজনই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে মোবাইল বিক্রির
সূত্রে চোর চক্রের সদস্য শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তিতে অপর চোর চক্রের সদস্য বীরেন্দ্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
জানা যায়, বুধবার রাতে শত্রুমর্দন গ্রামের নিপেন্দ্র চন্দ ও আবদুল আওয়ালের বাড়িতে মোট ৭টি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে সংঘবদ্ধ চোর চক্র। চুরি করা একটি এন্ড্রোয়েড ফোন পাগলা বাজারের এক হোটেল ব্যবসায়ীর কাছে বিক্রি করলে এ ফোনের সূত্র ধরে দিন ব্যপী তৎপরতা চালান নিপেন্দ্র সূত্রধরের ছেলে নিপুল চন্দ ও আবদুল আওয়াল। সাধারণ মানুষের সহায়তায় শুক্রবার রাতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে তারা। পরে দুজনকেই পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে আরো ৭ জনের নাম বলেছে ধৃত দুই চোর। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করে নি।
এ ঘটনায় তিনজনসহ নয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এস আই মাজহার (তদন্ত কর্মকর্তা) বলেন, আমরা খবর পেয়ে তাদের আটক করছি। আটক একজনকে সাথে নিয়ে অভিযানও চালিয়েছি। আরো ৯ জনের নাম বলেছে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।