দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় পরিবহন শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর করায় ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছেন হাবিবুর রহমান হাবু (৩৫) নামের ১ পরিবহন শ্রমিক। তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। শনিবার দুপুর ১টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মঈনুল ইসলাম ওরফে ময়না মিয়ার ছেলে সিএনজি চালক সাইফ মিয়া (১৬) ও অপর সিএনজি চালক হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া’র (৩৫) মাঝে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দু’জনের কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নিলে গুরুতর আহত হন চালক হাবু মিয়া। হাবু মিয়ার চালিত সিএনজি (সুনামগঞ্জ থ ১১-০৪৪২) সাইফ কর্তৃক আটকে রাখার খবর সিএনজির মূল মালিক একই ইউনিয়নের চন্দপুর (কোনারবাড়ি) গ্রামের আবদুল গফুর জানতে পেরে তিনিও ঘটনায় জড়িয়ে পরেন।
এসময় গফুর মিয়া তার দলবল নিয়ে সাইফের উপর হামলা করেন ও পাগলা বাজারের বাসস্ট্যান্ডে বেশ ক’টি দোকান ভাংচুর করেন। এতে ব্যবসায়ীদের নগদ অর্থ লুটপাটের ঘটনা ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সাজিদ মিয়া, জোবায়ের আহমদ, শানুর আলী, জগলু মিয়া, নোয়াব আলী, ইউনুছ আলী, মকদ্দুস আলী, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, নূর মিয়া, জয়নুল মিয়া, জলাল উদ্দিন ও মিজানুর রহমান মিজান।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত দোকানগুলো দেখেছি। উভয় পক্ষের সাথে কথা বলেছি। এখন পরিবেশ শান্ত রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এসেছি। সিএনজি চালকদের মাঝে এই ঘটনা ঘটেছে। পরে আমরা অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। ক্ষতিগ্রস্ত দোকানগুলো দেখেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।