দ.সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০৫ লিটার চোলাই মদ উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার, এএসআই প্রনয় নাল, উত্তম কুমার কৈরী সহ পুলিশের একটি দল জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের নন্দলাল রবিদাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ১১শত ০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এসময় সুভাষ রবিদাস (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে দোয়ারাবাজার উপজেলার টেংরা টিলা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের জয়রাম রবিদাসের ছেলে।
এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলো দোয়ারাবাজার উপজেলার টিলাগাও গ্রামের জয়রাম রবিদাসের ছেলে সুভাষ রবিদাস (২৮), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মৃত রূপচান রবিদাসের ছেলে রবি রবিদাস (২২), সিতারাম রবিদাসের ছেলে রেনু রবিদাস (৪০) ও রামলাল রবিদাস (৩৫), মৃত বিশ্বনাথ রবিদাসের ছেলে বুল্লুু রবিদাস (২৫)। এদের মধ্যে ৪জন পলাতক রয়েছে।
বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন সাংবাদিকদের নিয়ে প্রেসব্রিফিং কালে মাদক উদ্ধার ও একজনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়া মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল বাহার, এসআই আলাউদ্দিন, জয়নাল আবেদীন, জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন, ডিএসবি এসআই জিয়াউর রহমান প্রমুখ।