- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২৫. আটক ১০

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি ডোবা ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপ্তিরপাড় বাইতুর রহমান জামে মসজিদ কমিটির লোকজন পঞ্চায়েতি একটি ডোবা গ্রামের ফুল মিয়াকে ৩ বছর মেয়াদে প্রতিবছরে ২০ হাজার টাকায় লিজ দেয়। মসজিদের লিজ নেওয়া ডোবায় ফুল মিয়া মাছ ধরতে গেলে একই গ্রামের হযরত আলীর লোকজন বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
ঘটনার পর পুলিশ গ্রামের সুন্দর আলীর ছেলে দুদু মিয়া, শরিয়াত উল্লাহের ছেলে মোশারফ হোসেন, মাছিম উল্লাহের ছেলে সামছুল হক, সাহেব আলীর ছেলে মনছুর আলী, সুন্দর আলীর ছেলে শাহজাহান মিয়া, জয়নাল আবেদীনের ছেলে নুর উদ্দিন, মনছুর আলীর ছেলে জিলাল মিয়া, কদর আলী ও মিলন মিয়াকে আটক করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

  • [১]