দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নে বজ্রপাতে ২টি গরুসহ ১ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফরিদ মিয়া (৩৬)। তিনি ইউনিয়নের উত্তর গাজীনগর (পশ্চিম পাড়া) গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শনিবার সকাল ১০টার দিকে গরু নিয়ে মাঠে যান নিহত ফরিদ মিয়া। ঘন্টাখানেক পরে প্রচণ্ডবৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। কিন্তু রাস্তাতেই বজ্রাঘাতে মৃত্যু হয় ফরিদ মিয়ার। এসময় তার সাথে থাকা দুটি গরুও নিহত হয়। এতে শোকের ছায়া নেমে আসে ফরিদ মিয়ার পরিবারসহ পুরো গ্রামে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন। তিনি বলেন, একেবারে খেটেখাওয়া পরিবার তাদের। মর্মান্তিক এই মৃত্যু আমি সত্যিই খুবই শোকাহত। আমি তাদের বাড়িতে গিয়ে দেখে এসেছি। উপস্থিত সময়ে তাদেরকে ২হাজার টাকা দিয়ে এসেছি। ভবিষ্যতে পরিষদ থেকে আরো সহযোগিতা করবো।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’