- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ২৩ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সব প্রস্ততি এখন শেষ পর্যায়ে। চলছে দেবীর প্রতিমায় রঙ তুলির কাজ। পাশাপশি এই ধর্মীয় মহোৎসবকে সফলভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীসহ পূজা উদযাপন পরিষদের সকল প্রস্ততি ও চলছে পুরোদমে। হচ্ছে দফায় দফায় বৈঠক।
শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ৭ অক্টোবর দেবী দুর্গা বোধনের মাধ্যমে শুরু হয়ে আবহমান কালধরে চলে আসা এই পূজা। ১১  অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে। যদিও এ অনুষ্ঠান হিন্দু ধর্মালম্বীদের কিন্তু এ উপজেলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রতি বছরই লোকারণ্য হয় প্রতিটি পূজা মন্ডপ। থাকেন সকল ধর্মের মানুষ। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই উপজেলায় সব ধর্মের মানুষই আমাদের খুব সহায়তা করেন। আশা করছি এ বছর ও কোনো রকমের আপত্তিকর ঘটনা ছাড়া সফলভাবে শেষ হবে দুর্গাপূজা।
জানা যায়, এ বছর দক্ষিণ সুনামগঞ্জের ৮টি ইউনিয়নের মাঝে শিমুলবাঁক ছাড়া বাকী সবগুলো ইউনিয়নে মোট ২৩টি মন্ডপের মাধ্যমে পালিত হবে। এর মাঝে জয়কলস ইউনিয়নে ৮টি, পশ্চিম পাগলা ইউনিয়নে ৬টি, দরগাপাশায় ৩টি, পূর্ব পাগলা ইউনিয়নে ১টি, পূর্ব ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নে ২টি করে মোট ৪টি এবং পাথারিয়া ইউনিয়নে ১টি মন্ডপে মাধ্যমে  দূর্গোৎসব পালিত হবে।   দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন, ‘পূজার নিরাপত্তার ব্যাপারে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। পূজায় সবধরণের আপত্তিকর অবস্থা এড়াতে তিন স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা ব্যবস্থা করেছি এ সময় র‌্যাব, আনসার ও পুলিশ বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।’ এছাড়া স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী ও মাঠে থাকবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রঞ্জিত সূত্রধর বলেন, ‘আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় এ বছর ও সুষ্ঠুভাবে পূজা উৎসব সম্পন্ন করতে পারবো। এজন্য সকলের সার্বিক সহযোগিতা দরকার।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার বলেন, ‘সাধারণ মানুষকে সাথে নিয়ে পূজা উৎসব সফল করতে আমরা বদ্ধপরিকর। সর্ব ধর্মের মানুষ যদি সুষ্ঠু মনমানসিকতা নিয়ে আমাদের সহযোগিতা করেন আশা করি পুলিশি নিরাপত্তার প্রয়োজন হবে না। তবুও সব ধরনের সতর্কতা অবলম্বনে প্রশাসনের প্রস্তুতি থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

  • [১]