দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দেখার হাওরে ফসল রক্ষা বাঁধে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ ও বাঁধের কাজ শুরু না করায় ৬ পিআইসি সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম ১৬নং পিআইসির সভাপতি মো. কদর আলী, ২১ নং পিআইসির সভাপতি হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক কেএম ফখরুল ইসলাম, ২২ নং পিআইসির সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফজল উদ্দিন এবং সদস্য জিল্লুর রহমানদেরকে ফসল রক্ষা বাঁধ থেকে আটক করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. ফারুক আল মামুন, উপজেলা কমিটির সদস্য দিলীপ তালুকদার, গণমাধ্যম কর্মী সোহেল তালুকদার, হোসাইন আহমদ প্রমুখ। পরে আটককৃত সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনে শর্ত সাপেক্ষে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. ফারুক আল মামুন বলেন, বাঁধের কাজ বুঝে শুনে করতে হবে। ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের জন্য পিআইসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। তবে কোন অনিয়ম সহ্য করা হবে না।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম বলেন, প্রথমবারের মতো ছেড়ে দিয়েছি। ভবিষ্যতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কমিটির নিয়মিত বাঁধ পরিদর্শন অব্যাহত থাকবে।