- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠিত হোক এটাই আমাদের প্রত্যাশা

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন এখন দেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচ্য বিষয়। ইসি নিয়োগ রাষ্ট্রপতির এখতিয়ার। জানা গেছে, ইসি নিয়োগে বর্তমান রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতির মতো সার্চ কমিটি গঠনের পথ অনুসরণ করছেন। ইসি নিয়োগে দেশে কোনো আইন না হওয়ায় এখন রাষ্ট্রপতির কাছেও বিকল্প কোনো পথ নেই। তবে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করবেন সেটির গ্রহণযোগ্যতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটিই কাম্য। ইসি পুনর্গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। সেখানে রাজনৈতিক দলগুলো ইসি সার্চ কমিটি গঠনের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রাখছে।
আমরা দেখে আসছি, দেশে নির্বাচন কমিশনকে ঘিরে সব সময়ই এক ধরনের বিতর্কের আবহ বিরাজ করে। যখন যারা ক্ষমতায় থাকেন, ইসি নিয়ে তাদের মনোভাব থাকে এক রকম, আবার ক্ষমতার বাইরে থাকলে মনোভাব হয় অন্যরকম। বলাই বাহুল্য, সব দলের মতামতের ভিত্তিতে ইসি গঠিত হলে এ অবস্থার সৃষ্টি হতো না। আমরা কি পারি না নির্বাচন কমিশন গঠনে এমন একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে, যার প্রতি সবার দৃঢ় আস্থা থাকবে? আমাদের দেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা থাকলেও তা আজো হয়নি। নির্বাচন কমিশন নিয়োগে কোনো আইন না থাকায় গত ৪৪ বছরে বিভিন্নভাবে তাদের নিয়োগ দেয়া হয়েছে এবং কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কও লেগে আছে। এ অবস্থার অবসান ঘটানো দরকার। যথাযথ আইনি কাঠামো ও এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যখন যথাযথ যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন, পেশাদার ও নিরপেক্ষ ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়, তখন তা শুধু নির্বাচন কমিশন ও নির্বাচনী প্রক্রিয়ায় নয় বরং বিশ্বাসযোগ্য নির্বাচনের ভিত্তি হিসেবেও কাজ করে।
নতুন নির্বাচন কমিশনকে যোগ্য ও দক্ষ হতে হবে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের আস্থাভাজন হতে হবে। তাই নির্বাচন কমিশন গঠনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্থায়ী আইনি কাঠামোর অধীনে নির্বাচন কমিশন (ইসি) গঠনই হবে উত্তম। আমরা চাই দ্রুতই এ সংক্রান্ত আইন চূড়ান্ত করা হোক। তার আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠিত হোক। গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা ও সংলাপের কোনো বিকল্প নেই। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি যে সংলাপ শুরু করেছেন তা খুবই তাৎপর্যবহ। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় দক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠিত হোক এটাই আমাদের প্রত্যাশা।
 

  • [১]