- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দত্তউজা বিল শুকিয়ে ফেলা হচ্ছে

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওরের দত্তউজা বিলের পানি শুকিয়ে মাছ ধরা হচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী জলমহালের ইজারাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইনাতনগর ও বিজয় নগর গ্রামের ৪০ জন কৃষক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, দত্তউজা  জলমহালটি এলজিইডির হিলিপের আওতাধীন। সম্প্রতি সাব ইজারাদারা বিলটির তলা শুকিয়ে মাছ ধরার জন্য একাধিক মেশিন লাগিয়ে বিলের তলা শুকিয়ে নিচ্ছেন। এতে করে বিলের আশপাশের কৃষি জমিগুলোতে খড়ার সময় সেচের পানির তীব্র সংকট দেখা দিবে। এমনকি গৃহপালিত গরু মহিষের গোসলেরও ব্যাঘাত ঘটবে ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন হবে। মৎস্যনীতি মালা অমান্য করে অবৈধ পন্থায় জলমহালের সম্পূর্ণ পানি শুকাতে গ্রামবাসী কৃষকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও ইজারাদার প্রভাব খাটিয়ে বিল শুকিয়ে নিচ্ছে।
দত্তউজা বিল ব্যবহারকারী সংগঠনের সদস্য গোলাম সাকলাইয়ন দীপক জানান,আমার ছোট ভাই শাহাজাদা সেক্রেটারী, আমি খবর পেয়েছি বিলে মেশিন লাগিয়েছে। বিলের পাড়ে গিয়ে বলতে পারবো। এর বেশী কিছু বলতে পারবো না।
জলমহালের সাবইজারাদার লক্ষীপুর গ্রামের হারুল মিয়া ও ইনাতনগরের হুয়ায়ুন মনু মিয়া জানান,আমরা সমিতির কাছ থেকে ১ বছরের জন্য বিল ক্রয় করেছি। আমরা এখন পানি শুকিয়ে মাছ ধরছি।
এলজিইডির হিলিপের জলমহালের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,‘ জলমহালের নীতিমালাতে বিল শুকিয়ে মাছ ধরার নিয়ম নেই, কেউ এরকম করে থাকলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট বিল ব্যবহারকারী সংগঠনকে নিতে হবে।’
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের মোবাইলে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায় নি।
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন,‘জলমহাল শুকানোর বিষয়ে ২০ একরের উপরে জেলা প্রশাসক মহোদয় ও নিচেরগুলো উপজেলা থেকে বন্দোবস্ত বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • [১]