স্টাফ রিপোর্টার
তিন বছর পর সুনামগঞ্জ স্টেডিয়াম মাঠে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে কুস্তি খেলা। এর আগের কুস্তি খেলায় মাঠে তিল ধারণের জায়গা না থাকলেও এবারের চিত্র পুরোটা ভিন্ন। দর্শক বিহীন মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের কুস্তি খেলা। মূল প্যাভিলিয়ন ছাড়া বাকি সবগুলো দর্শক গ্যালারি শূন্য থাকতে দেখা গেছে। এর কারণ হিসেবে টিকেট এবং সমন্বয়হীনতাকে দায়ী করছেন কুস্তি প্রেমী দর্শকরা। তবে বোরো মৌসুমের প্রভাব বলছেন সংশ্লিষ্টরা।
শান্তিগঞ্জ থেকে কুস্তি খেলা দেখতে আসা বয়োজ্যেষ্ঠ সালেহ আহমেদ বললেন, স্মরণ হওয়ার পর থেকে কুস্তি খেলা দেখে আসছি। যেখানে মাত্র কয়েকটি গ্রামের খেলা হয় তারপরও অনেক মানুষ আসে। কিন্ত স্টেডিয়ামে এসে দেখলাম তার উল্টো চিত্র। দর্শক একদম নেই বললেই চলে।
সদর উপজেলার জানীগাঁও থেকে আসা হাম্মাম আহমেদ বললেন, দর্শক না থাকার অন্যতম কারণ হচ্ছে টিকেট ব্যবস্থা রাখায়। এটি গ্রামীণ ঐতিহ্য, এই খেলাকে উন্মুক্ত রাখা উচিত। এছাড়াও খেলা নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান আছে। এটি সমন্বয় করেই খেলা আয়োজন করা উচিত ছিলো।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কুস্তি আয়োজন কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বললেন, এখন জমিতে ধান রোপনের সময়। বোরো মৌসুম চলে আসছে, গ্রামের মানুষ সবাই কৃষি কাজে ব্যস্ত তাই মানুষ কিছু কম এসেছেন মাঠে। এছাড়া খেলোয়াড়েরা যাতে মাঠে না আসতে পারে কিছু ষড়যন্ত্রকারি তৎপর ছিলো তবে দর্শক আটকাটে পারেনি।