- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দর্শকের মুখে মুখে ‘ফয়সল-ফয়সল’

লিপসন আহমদ
মাঠ ভর্তি হাজারো দর্শকের মুখে-বাঁশিতে কেবল ‘ফয়সল ফয়সল’ শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল। পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টে শুক্রবার সুনামগঞ্জ শহরের আরপিননগরের বাসিন্দা ফয়সলই সুনামগঞ্জ সদর থানার জয়ে বিশেষ ভূমিকা রেখেছে। খেলা শেষে দর্শকরা ফয়সলকে কাঁধে নিয়ে মাঠজুড়ে উল্লাস করেছেন।
খেলার দর্শক শহরতলির     হবতপুরের জুয়েল আহমদ বলেন, ‘দলে একমাত্র ফয়সলই ছিল সুনামগঞ্জের খেলোয়ার। সে সুনামগঞ্জের সুনাম শুক্রবার আরো বাড়িয়ে দিলো।’
শহরের আরপিননগরের বাসিন্দা কিরণ মিয়া ও সাফিয়া বেগমের  ছেলে ফয়সল আহমদ এখন পুলিশে চাকুরি করছে। চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশে পোস্টিং তার। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ দলে এখন খেলছে সে।
তরুণ ফুটবলার ফয়সল সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের আলোচিত নাম। ফয়সল ২০১২ সালে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের সুদক্ষ কোচিং টিমের তত্ত্বাবধানে ৭ দিনের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ নিয়েছিল। সাফ অনুর্ধ্ব ১৬ জাতীয় দলে গোলকিপারের দায়িত্ব পালন করেছে সে। ঐ টুর্নামেন্টেও জাতীয় দলকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা ছিল ফয়সলের।
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের খবর অফিসে বসে ফয়সল বললো, ‘শুক্রবারের টুর্নামেন্টে দুই দলের সকলই অতিথি খেলোয়াড় ছিলেন। আমি খেলেছি আমার বাড়ির পক্ষে, আল্লাহ্ আমাদের সম্মান রেখেছেন।’

  • [১]