স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী সেনাবাহিনীর জাহাজ থেকে পাওয়া বিভিন্ন মালামাল বিক্রির টাকায় গঠিত ‘বাংলাদেশ মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট’ গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট এর দলিলে শহীদ মিনার রক্ষণাবেক্ষণ করার কথা থাকলেও তা হচ্ছে না বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে।
জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালানী সময়ে ৫ নং সেক্টরের ট্যাকেরঘাট সাব-সেক্টরের সাহসী মুক্তিযোদ্ধা সেসময় নদী পথের বিভিন্ন এলাকা থেকে পাকিস্তান কার্গো ও লঞ্চ থেকে উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্র ট্যাকেরঘাটে জমা রাখেন। ১৯৭২ সালের মে মাসে তৎকালীন সাব ডিভিশনাল (বর্তমান জেলা) ত্রাণ ও পুনর্বাসন কমিটি উদ্ধারকৃত ওই মালামাল বিক্রি করেন। ওইসব
মালামাল বিক্রি করে ৯ লাখ ৯ হাজার ৯১৯ টাকা পাওয়া যায়। পরে ১৯৭৩ সালের ৩ এপ্রিল সাব ডিভিশনাল ত্রাণ ও পুনর্বাসন কমিটি ওই টাকা সাব ডিভিশনাল অফিসারের কাছে হস্তান্তর করেন এবং একটি ট্রাস্ট গঠনের অনুরোধ করেন। ১৯৭৯ সালের ৩০ মে তৎকালীন সাব ডিভিশনাল অফিসার এক সাধারণ সভার রেজুলেশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন ট্রাস্ট দলিল তৈরি করেন। মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট উন্নয়নের লক্ষ্যে ট্রাস্টের নাম দেয়া ‘বাংলাদেশ মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট’।
ট্রাস্ট দলিলের একপক্ষ ছিলেন সুনামগঞ্জের তৎকালীন এস.ডি.ও কে, এম, নাজমুল আলম সিদ্দিকি। অন্যপক্ষে ছিলেন ট্রাস্টের সভাপতি হিসেবে সাব-ডিভিশনাল অফিসার, সদস্য সচিব ডি. এম. এইচ ওবায়দুর রাজা চৌধুরী, সদস্য হিসেবে সাবেক এমপিএ অ্যাড. এম. এ রইছ এমপি, মেজর ইকবাল হোসেন চৌধুরী এমপি, দেওয়ান শামছুল আবেদীন এমপি, এম.এ জহুর, অ্যাড. আলফাত উদ্দিন, অ্যাড. আলী ইউনুস এবং সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার। তবে উল্লেখিত ব্যক্তিগণকে সাময়িক ট্রাস্টি বলা হয়।
ট্রাস্টের দলিলে উল্লেখ করা হয়, ওই টাকার লভ্যাংশ ব্যবহার হবে কল্যাণমূলক ও দান কার্যে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে (সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রদের) আর্থিক সহায়তা, ছাত্র মুক্তিফৌজ, আহত ও অক্ষম মুক্তিযোদ্ধাগণকে সহায়তা দেয়া যাবে। যারা মুক্তিযুদ্ধে সহায়তার কারণে আক্রান্ত হয়েছেন তাদের সহায়তা এবং শহীদ মিনারের রক্ষাণাবেক্ষণ, শহীদ স্মৃতিসৌধ তৈরি করা এবং সাব ডিভিশনের (বর্তমান জেলা) অন্যান্য মানবিক কাজ করা। ট্রাস্ট দলিলে শহীদ মিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব উল্লেখ করা হলেও ওই স্টাস্টের পক্ষে আজ পর্যন্ত কোন কাজ করা হয়নি বলে জানা গেছে।
সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান বলেন বলেন,‘ এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও তদারকি হয়নি, যার কারণে আমরা চরম হতাশ। আমরা চাই কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো দায়িত্ব ‘বাংলাদেশ মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্ট’ নিয়ে যাক। শহীদ মিনারের ভাড়ার টাকাও তারাই আদায় করবেন। ’
মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাষ্ট্রের সদস্য মুক্তিযুদ্ধ চার্চা ও গবেষণা কেন্দ্র সুনামগঞ্জ এর আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন,‘ ব্যাংকে জমা রাখা ট্রাস্টের টাকা থেকে প্রাপ্ত লভ্যাংশ খুব বেশী পাওয়া যায় না। যা পাওয়া যায় সেই টাকা দিয়ে প্রতি বছরই অসুস্থ মুক্তিযোদ্ধা ও দরিদ্র মুক্তিযোদ্ধার পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এর পর অন্য খাতে খরচের জন্য অর্থ থাকে না।’
মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাষ্ট্রের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ছালিক আহমদ বলেন,‘ ট্রাস্টের সব খরচ চেকের মাধ্যমে হয়। ইতোমধ্যে ট্রাস্টের অর্থে জগন্নাথপুরের শ্রীরামসি ও সুরমা উত্তর পাড়ে বেরীগাঁওয়ে দুইটি শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সংস্কার করা হয়েছে। ডলুরায় একজন রক্ষণাবেক্ষণকারীকে প্রতি মাসে ট্রাস্টের পক্ষ থেকে ১৫০০ টাকা বেতন ভাতা দেয়া হচ্ছে। ’
তিনি আরো বলেন,‘ কেন্দ্রীয় শহীদ মিনারের দোকান কোঠার ভাড়ার টাকা আদায় করে মুক্তিযোদ্ধা সংসদ। তাহলে ট্রাস্টের টাকায় আমরা কেন সংস্কার ও রক্ষণাবেক্ষণ করব? যেহেতু দোকান কোঠা ভাড়ার টাকা তারা নেন সুতরাং সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরই। ’
মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাষ্ট্রের সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘ওই ট্রাস্ট্রের কাগজপত্র না দেখে সঠিকভাবে কোন কিছু বলা যাবে না।’