- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দলীয় প্রার্থী তালিকায় নাম লেখাতে দৌঁড়ঝাঁপ

বিশেষ প্রতিনিধি
জেলা পরিষদের ১৫ টি ওয়ার্ডে সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক জেলার সভাপতি ও সম্পাদককে ২৩ নভেম্বরের মধ্যে দলীয় সভাপতি’র ধানম-ির কার্যালয়ে সদস্যদের নাম পাঠাতে বলা হয়েছে। সোমবার বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের ১৫ টি ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা জেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বলে সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে। তবে কয়েকটি ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ একক নাম চূড়ান্ত করে জেলা নেতৃবৃন্দের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আবার কোথাও কোথাও স্থানীয় নেতৃবৃন্দ সোমবারও বৈঠক করেছেন।
শ্রীপুর উত্তর, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান একক প্রার্থী বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
শ্রীপুর দক্ষিণ, বংশিকু-া উত্তর, বংশীকু-া দক্ষিণ, পাইকুরাটি, চামরদানী ও মধ্যনগর ইউনিয়ন নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ভাই মোজাম্মেল হোসেন রুখন একক প্রার্থী বলে জানান উপজেলা আওয়ামী লীগের নেতারা।
সেলবরষ, ধর্মপাশা সদর, জয়শ্রী, সুখাইড় রাজাপুর (উত্তর) ও সুখাইড় রাজাপুর (দক্ষিণ) ইউনিয়ন নিয়ে গঠিত ৩ নম্বর ওয়ার্ডে শামীম আহমদ বিলকিস, অ্যাড. আব্দুল হাই, অ্যাড. আরফান আলী, শাহ্ আব্দুল বারী ছুটন, শাহ্ আলা উদ্দিন দলের মনোনয়ন প্রাপ্তির তদবিরে রয়েছেন। অবশ্য, এই ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিসকেই দলের একটি অংশ প্রার্থী করতে চাইছে।
জামালগঞ্জ সদর, সাচনাবাজার, বেহেলী, ভীমখালী ও ফেনারবাঁক ইউনিয়ন নিয়ে গঠিত ৪ নম্বর ওয়ার্ডে মিসবাহ্ উদ্দিন, বিন্দু তালুকদার, কল্যাণব্রত তালুকদার, সায়েম পাঠান  ও নাসিরুল হক আফিন্দি দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। তবে বিতর্ক এড়ানোর জন্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদকে দলের একাংশ এখানে প্রার্থী করতে চাইছেন।
গৌরারং, মোহনপুর, কাঠইড়, সলুকাবাদ, পলাশ, ধনপুর, বাদাঘাট দক্ষিণ ও ফতেপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৫ নম্বর ওয়ার্ডে
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুজ্জামান, আব্দুন নূর, মহিবুর রহমান ও মানিক মিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবার চেষ্টা করছেন।
সুনামগঞ্জ পৌরসভা, কুরবাননগর, জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গারচর, মোল্লাপাড়া ও লক্ষণশ্রী ইউনিয়ন নিয়ে গঠিত ৬ নম্বর ওয়ার্ডে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ, শামীম আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও সাংবাদিক আল হেলাল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।
পূর্বপাগলা, পশ্চিমপাগলা, জয়কলস, শিমুলবাঁক ও পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন তদবিরে রয়েছেন- ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রেজাউল আলম নিক্কু, জাহাঙ্গীর আলম ও আব্দুল্লা মিয়া।
দিরাই পৌরসভা, দিরাই সরমঙ্গল, চরনারচর, রাজানগর, জগদল, করিমপুর ও রফিনগর ইউনিয়ন নিয়ে গঠিত ৮ নম্বর ওয়ার্ডে দলীয় নেতা অ্যাড. সোহেল আহমদ’এর নাম স্থানীয় আওয়ামী লীগ চূড়ান্ত করেছে।
তাড়ল, কুলঞ্জ, ভাটিপাড়া, শাল্লা, বাহাড়া, হবিবপুর ও আটগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ৯ নম্বর ওয়ার্ডে আবুল লেইছ চৌধুরী’র নাম চূড়ান্ত করেছে স্থানীয় আওয়ামী লীগ।
জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, দরগাপাশা, পূর্ব বীরগাঁও ও পশ্চিমবীরগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ১০ নম্বর ওয়ার্ডে আব্দুশ শহীদ, নুরুল আমিন ও আব্দুল মুক্তাদীর দলীয় মনোনীত প্রার্থী হবার চেষ্টা করছেন।
পাইলগাঁও, রানীগঞ্জ, আশারকান্দি, পাটলী, মীরপুর, সৈয়দপুর-শাহাড়পাড়া ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ১১ নম্বর ওয়ার্ডে দলীয় নেতা সৈয়দ সাব্বির আহমদ, আবুল হোসেন লালন ও শাজাহান সিরাজী দলীয় মনোনয়নের চেষ্টা করছেন।
চরমহল্লা, জাউয়াবাজার, দোয়ারাবাজার, মান্নারগাঁও, পা-ারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী খান, অ্যাড. আবুল আজাদ রুমান, আকলুছ আলী দলীয় মনোনয়ন পাওয়ার তদবির করছেন।
বাংলাবাজার, নরসিংপুর, দোয়ারাবাজার সদর, লক্ষীপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়ন নিয়ে গঠিত ১৩ নম্বর ওয়ার্ডে দলীয় নেতা নুরুল ইসলাম, আব্দুল খালিক ও আমিনুল ইসলাম সেলিম দলীয় মনোনয়ন প্রাপ্তির চেষ্টা করছেন।
ছাতক পৌরসভা, ছাতক সদর, ইসলামপুর, নোয়ারাই, কালারুকা ও খুরমা উত্তর ইউনিয়ন নিয়ে গঠিত ১৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের একাংশ অ্যাড. আসিক আলীকে একক প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।
সিংচাপইড়, খুরমা দক্ষিণ, দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ ও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ১৫ নম্বর ওয়ার্ডে ছানাউর রহমান তালুকদার ছানাকে সংগঠনের একাংশ একক প্রার্থী করবে বলে ঐ অংশের নেতারা জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা পরিষদের ১৫ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীর নামের তালিকা জমা দেবে। এক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ ও জেলা পরিষদের ভোটাররা ঐক্যমত এবং স্থানীয় সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে যে নাম আসবে, সেটিই কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অবশ্য ভিন্ন কথা বলেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘আগ্রহী সকলের নামই কেন্দ্রীয় দপ্তরে পাঠাবো, শুনেছি দলীয় সদস্য মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতামতকেও গুরুত্ব দেওয়া হবে’।

  • [১]