- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দশজন নিয়েও জিতল মুক্তিযোদ্ধা

সু.খবর ডেস্ক
মুক্তিযোদ্ধা কোচ আবদুল কাইয়ূম সেন্টু যেন হাঁপ ছেড়েই বাঁচলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বীকারও করেছেন তা। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোবারক হোসেন লাল কার্ড দেখলেও ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারায় দারুণ খুশিও তিনি। বললেন, ‘এটি দলের আত্মবিশ্বাসী চরিত্রটাই প্রমাণ করে। লাল কার্ডের ব্যাপারটি দুর্ভাগ্যজনক হলে শেষ পর্যন্ত যে আমরা জিতেছি, এতে আমি দারুণ খুশি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্বটা জয় দিয়েই শুরু করল মুক্তিযোদ্ধা। উত্তর বারিধারার বিপক্ষে জয়টি ১-০ গোলের বলে ম্যাচ ​শেষে স্বস্তিটাই বেশি হচ্ছে কোচের। পুরো ম্যাচে বারিধারা আক্রমণের পর আক্রমণ করেও মুক্তিযোদ্ধার রক্ষণ ভাঙতে পারেনি। সে তুলনায় মুক্তিযোদ্ধার জয়সূচক গোলটি কিন্তু অনেকটাই কপাল গুণে পাওয়া। গোলদাতা অনীক গোলে শট নেওয়ার সময়ও ভাবেননি এত সহজে তা জালে জড়িয়ে যাবে। বক্সের বাইরে থেকে ৬৭ মিনিটে নেওয়া তাঁর সেই শটটি সতর্ক থাকলে হয়তো ঠেকাতেও পারতেন গোলকিপার।
৫৭ মিনিটে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন মোবারক। গোলটি এসেছে এর ঠিক ১০ মিনিট পরে। বাকি সময়টা দশজন নিয়ে সতর্কতার সঙ্গে পার করেই পূর্ণ পয়েন্ট মুক্তিযোদ্ধার। এটি ৮ ম্যাচে মুক্তিযোদ্ধার চতুর্থ জয়। ৪ জয়, ৩ ড্র ও ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে তারা।
উত্তর বারিধারা ৮ ম্যাচে এখনো ৩ পয়েন্ট নিয়ে আছে ১১তম স্থানে। নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে দারুণ জয়ের পর পথই হারিয়েছে তারা।

  • [১]