- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দানবীরের মিথ্যা খোলশ উন্মোচিত অবশেষে দখল গুটালেন রাগীব আলী

সিলেট অফিস
সিলেটে শিল্পপতি রাগীব আলীর দখল থেকে প্রায় দুই হাজার কোটি টাকার মূল্যমানের দেবোত্তর সম্পত্তির চা-ভূমি উদ্ধার করা হয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে প্রশাসনের একটি দল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে চা-বাগানে গিয়ে দখলদার পক্ষের কাছ থেকে উদ্ধার করে দেবোত্তোর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে দখল বুঝিয়ে দিয়েছে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্তে ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি একটি উপকমিটি করে। ওই কমিটি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে চা-বাগান পুনরুদ্ধার করার সুপারিশ করেন। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার ভূসম্পত্তি আত্মসাতের  অভিযোগে রাগীব আলীর বিরুদ্ধে তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল হাই দুটি মামলা করেন। মামলায় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরী (প্রয়াত), ছেলে আবদুল হাই, মেয়ে ও জামাতাকেও আসামি করা হয়।
রাগীব আলীর ছেলে আবদুল হাই পরবর্তী সময়ে এ নিয়ে উচ্চ আদালতে রিট করলে আদালতের নির্দেশে মামলা স্থগিত হয়। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ১৯ জানুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে চা-বাগানে নির্মিত সব অবকাঠামো আগামী ছয় মাসের মধ্যে অপসারণ করে সে জায়গায় চা-বাগান করার আদেশ দেওয়া হয়। রায়ে ১৭টি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে স্থগিত হওয়া দুটি মামলা পুনরায় সক্রিয় করারও নির্দেশনা রয়েছে। রিট আবেদনকারীরা তা করতে ব্যর্থ হলে পুলিশ ও সিটি করপোরেশনের সহায়তা নিয়ে স্থাপনা অপসারণের কথাও উল্লেখ করা হয়।
রায়ে সিলেটের জেলা প্রশাসনের প্রতি বলা হয়, রিট আবেদনকারীরা যদি এ আদেশ না মানেন, সে ক্ষেত্রে জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নেবেন। উপযুক্ত জায়গায় মেডিকেল কলেজটি স্থানান্তর করা না হলে রিট আবেদনকারীর সব ব্যাংক হিসাব জব্দ করবেন এবং প্রয়োজনে এসব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন। রিট আবেদনকারীরা যদি চা-বাগান পুনর্র্নিমাণে ব্যর্থ হন, সে ক্ষেত্রে জেলা প্রশাসক একটি কমিটি গঠন করে এ কাজটি সম্পন্ন করবেন। এ বাবদ যে টাকা ব্যয় হবে, তা রিট আবেদনকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে আদায় করবেন।
সিলেট নগরের পাঠানটুলার পাশে তারাপুর চা-বাগান। ৪৪২ দশমিক ৯৬ একর টিলাভূমির এই চা-বাগান দেবোত্তর সম্পত্তি। রাগীব আলী ওই চা-বাগান বন্দোবস্ত নেন জালিয়াতির মাধ্যমে একজন ভুয়া সেবায়েতের কাছ থেকে। সেখানে ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করা হয় রাগীব আলী ও তাঁর স্ত্রীর নামে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ‘জালালাবাগ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ। তাঁর স্ত্রীর নামে একটি নার্সিং ইনস্টিটিউটও রয়েছে। এসব স্থাপনার পাশাপাশি হাসপাতাল ও মেডিকেল কলেজের আবাসন ও ৩৩৭টি প্লটের বাসাবাড়ি রয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, উচ্চ আদালতের এ রায়ের কপি গত মার্চ মাসের প্রথম সপ্তাহে জেলা প্রশাসনে পৌঁছায়। ২১ মার্চ জেলা প্রশাসন লিখিতভাবে দখলদার পক্ষকে বিষয়টি অবহিত করে। এ সময় রাগীব আলীর পক্ষ থেকে সময় চাওয়া হয়। প্রায় এক মাস সময় দিয়ে এ অভিযান চালানো হয়।
গতকাল শুধু চা-বাগান উদ্ধার করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৈধ সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় রাগীব আলীর পক্ষে তারাপুর চা-বাগানের ব্যবস্থাপক জেলা প্রশাসনের কাছে দখল হস্তান্তর করেন। চা-বাগানে মেডিকেল কলেজসহ যাবতীয় স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে গুটাতে সময় বেঁধে দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষে চা-বাগানে অভিযান পরিচালনাকারী দলে নেতৃত্বে দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। উদ্ধার করা চা-ভূমির বর্তমান বাজার দর প্রায় দুই হাজার কোটি টাকা হবে বলে তিনি জানান। উদ্ধার প্রক্রিয়া শেষে চা-বাগানে অবস্থানকালে সাংবাদিকদের ইউএনও বলেন, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। আদালতের নির্দেশে দেবোত্তর সম্পত্তির বৈধ সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বাগানের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে স্থাপনা গুটাতে মেডিকেল কলেজসহ অবৈধ স্থাপনাগুলোকে নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান।
পঙ্কজ এই সম্পত্তির সেবায়েত রাজেন্দ্র গুপ্তের ছেলে। রাজেন্দ্র মুক্তিযুদ্ধে শহীদ হন। রাজেন্দ্র গুপ্তের বাবা বৈকুন্ঠ চন্দ্র গুপ্ত তারাপুর চা-বাগানটি দেবতার নামে দান করেছিলেন। গতকাল দখল বুঝে পাওয়ার পর বিকেলে যোগাযোগ করলে সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত জানান, চা-বাগানের ৩২৩ একর ভূমি ছাড়া বাকিগুলোতে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনা ছয় মাসের মধ্যে গুটানোর নির্দেশ দিয়ে গতকাল শুধু ৩২৩ একর জায়গার চা-বাগান বুঝিয়ে দিয়েছে প্রশাসন। তিনি চা-বাগান বুঝে পেয়ে বিকেল এক দফা বৈঠক করেছেন। আজ সোমবার সকালে চা-বাগানের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে আরেক দফা বৈঠক করে চা-বাগানের কার্যক্রম শুরু করবেন বলে জানান।
দেবোত্তর সম্পত্তির সেবায়েত-কর্তৃত্ব ফিরে পাওয়ায় অনেকটা আপ্লুত পঙ্কজ কুমার গুপ্ত। দখলদার পক্ষের মাধ্যমে ১৯৯০ সাল থেকে তিনি তারাপুর থেকে বিতাড়িত হন বলে জানান। পরে যুক্তরাজ্য ছিলেন। সেখান থেকে দেবোত্তর সম্পত্তি ফিরে পাওয়ার চেষ্টায় ছিলেন। প্রায় তিন যুগের মাথায় দেবোত্তর সম্পত্তি ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় পঙ্কজ কুমার গুপ্ত বলেন, ‘সম্পত্তি তো দেবতার নামে দান করা ছিল। এখানে ব্যক্তিবিশেষের কিছু করার কথা ছিল না। রাগীব আলী তাঁর এক আত্মীয়কে ভুয়া সেবায়েত সাজিয়ে দখল করে রেখেছিলেন এতদিন। বেআইনী কিছু করলে যত প্রভাবশালী হোক না কেনÑ রক্ষা যে মেলে না, এটা তারই একটি বড় প্রমাণ। আমার প্রথম কাজ হবে উচ্চ আদালতের নির্দেশনাগুলো বাস্তবায়ন করা। প্রথমেই আমি চা-বাগানে দেবতা (প্রতীমা) স্থাপন করব। পরে অন্যান্য কাজে মনোযোগী হবো।’

  • [১]