স্টাফ রিপোর্টার, দিরাই
কলেজ রোড ও থানা পয়েন্ট থেকে ইজিবাইক স্ট্যান্ড সরানোসহ একাধিক দাবি আদায়ের লক্ষে রিক্সা মালিক ও রিক্সাচালক সমিতির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার সকাল ১০ টার দিকে রিক্সা চালকরা ১ ঘন্টা কর্মবিরতি পালন করে মিছিল-সমাবেশের মাধ্যমে এসব দাবি জানান। মিছিলটি কলেজ রোড থেকে দিরাই বাজার প্রদক্ষিণ করে থানা পয়েন্ট চত্তরে এসে সমাবেশ করে।
রিক্সা মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রিক্সাচালক সমিতির সভাপতি কফিল উদ্দিন, অর্থ সম্পাদক হিফজুর রহমান, সদস্য মবশ্বির মিয়া, স্বপন মিয়া ও আব্দুল খালেক।
বক্তারা অভিযোগ করে বলেন, কলেজ রোডস্থ সড়কের উপর এবং থানা পয়েন্টে যেখানে-সেখানে ইজিবাইক দাঁড় করিয়ে রাখায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী পরিবহনে রিক্সা চালকরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। একইভাবে রাস্তার ওপর দোকান-পাঠ বসিয়ে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়িরাও যানজটের সৃষ্টি করেন। তারা অবিলম্বে বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানে পৌর মেয়রের হস্থক্ষেপ কামনা করেছেন।