- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীগণ অফিস প্রাঙ্গণে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত পদবি ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
বাকাসস সুনামগঞ্জ শাখার সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন সুখেন্দু কুমার দাস, আজিজুর রহমান বাহাদুর, অজন্তা রায়, সুমন সরকার, প্রদীপ রায়, সৌরভ রায় পাথ প্রমুখ।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, মাঠ প্রশাসনের একজন কর্মচারীকে পদোন্নতি ছাড়াই একই পদে দীর্ঘকাল চাকুরি করে অবসরে যেতে হচ্ছে। সরকারি চাকুরিতে পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মাঠ প্রশাসনে এর ব্যতিক্রম চিত্র পরিলক্ষিত হচ্ছে। সচিবালয়সহ অন্যান্য দপ্তরের কর্মচারীরা যথাসময়ে পদোন্নতিসহ বেতন গ্রেডের সুবিধা ভোগ করলেও একই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে অভিন্ন সুযোগ সুবিধা থেকে মাঠ প্রশাসনের কর্মচারীরা বঞ্চিত। বক্তরা বলেন, তিনদিন কর্মবিরতি পালনের পরও কর্তৃপক্ষের কোন আশ্বাস পাওয়া যায়নি। তাই আগামী ২৮ মার্চ, ২০২০ তারিখের মধ্যে দাবি আদায় না হলে বাকাসস কেন্দ্রীয় কমিটি ঢাকায় সমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

  • [১]