ছাতক প্রতিনিধি
ছাতকে দারিদ্রতাকে হার মানিয়ে দিনমজুরের ঘর আলোকিত করেছে কৃতি ভাই-বোন। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত দিন মজুর রনজিত দাসের ঘরে জ্বলছে এখন সাফল্যের আলো। শত অভাব-অনটনের মাঝে ছেলে-মেয়েকে শিক্ষিত করার স্বপ্নে বিভোর রনজিত দাসের পুত্র রিংকু দাস ও কন্যা রুনা রানী দাস পিতা-মাতার স্বপ্ন পুরন করতে সক্ষম হয়েছে। এ বছর এসএসসিতে কৃতি ভাই-বোন জিপিএ-৫ লাভ করে পরাস্ত করেছে দারিদ্রতাকে। মজুরের কাজ করে সন্তানদের মুখে নিয়মিত দু’বেলা দু’মুটো ভাত জোগাড় করা যার পক্ষে ছিল কঠিন কাজ। শুধু বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার উপর ভর করে অনাহারে-অর্ধাহারে থেকে কৃতি ভাই-বোন পিতা-মাতার জন্য নিয়ে এসেছে এক অনন্য সাফল্য। রিংকু দাস ছাতক বহুমুখী মডেল হাইস্কুল থেকে ও তার বোন রুনা রানী দাস চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করে এক অদম্য মেধাবীর দৃষ্টান্ত স্থাপন করেছে। ভাই-বোন শহরের বাগবাড়ি মহল্লার দিন মজুর রনজিত দাস ও গৃহিনী রীতা দাসের সন্তানা। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী কৃতি ভাই-বোন সকলের আশির্বাদ প্রার্থী।