- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দারোগার মাস্তানি ক্ষুব্ধ ব্যবসায়ীরা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানার এএসআই ফিরোজের মাস্তানিসুলভ ব্যবহারে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মির্জা কাজল ব্যবসার কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর-পাগলা সড়কের ইকড়ছই নামক স্থানে টহল পুলিশের দায়িত্বে থাকা এএসআই ফিরোজ তাকে এবং অন্য পথচারীদের তাড়াতাড়ি বাজার থেকে চলে যেতে বলেন। এসময় তিনি মাস্তানিসুলভ আচরণের মাধ্যমে পথচারীদের সাথে দুর্ব্যবহার করেন।           
এসময় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক ও  সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেট ও সুনামগঞ্জের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী আহমদ এএসআই ফিরোজকে কি হয়েছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে তাঁর সাথেও চরম দুর্ব্যবহার করেন। এর পর পরই দারোগা একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে চা পানরত অবস্থায় চারজনকে আটক করে থানায় নিয়ে যান। বিষয়টি জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিনকে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মুহাম্মদ মুরসালিন বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। কেন এএসআই ফিরোজ এমন আচরণ করলেন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, যে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজের বিরুদ্ধে এর আগেও মাস্তানিসুলভ আচরণের অভিযোগ রয়েছে। জগন্নাথপুর থানায় যোগদানের পর থেকে তিনি বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।   

  • [১]