- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দালালের ফাঁদে রোগীরা

শহীদনূর আহমেদ
সুনামগঞ্জ শহরের কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ফাঁদে পড়ে বেকায়দায় পড়ছেন রোগীরা।  জেলার বিভিন্ন এলাকার রোগীরা জেলা শহরের সরকারী প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে এসে পড়েন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দালালদের ফাঁদে।
শহর ও বাইরের রোগীদের যানবাহনে করে নিয়ে আসতে রয়েছে দালালচক্র। সরকারী চিকিৎসা কেন্দ্র, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে অবস্থান করে এসব দালালেরা। শহরে প্রবেশ পথের বিভিন্ন স্থানেও দালালেরা যানবাহন নিয়ে অপেক্ষায় থাকেন রোগীদের। এসব রোগীদের ভাল চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের কথা বলে নিজেদের পছন্দমত সেন্টারে নিয়ে যান তারা। এতে প্রতি রোগী হিসাবে কমিশন পান এক থেকে দেড়শ’ টাকা।     
প্রতিদিন সরকারী হাসপাতাল, মা ও শিশু কল্যাণ  কেন্দ্র, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে দালালরা অবস্থান করে। কিছু অসৎ চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা তাদের ব্যবসায়িক স্বার্থে এসব দালাল সৃষ্টি করেছেন বলে জানান একাধিক রোগীর অভিভাবক। কেবল পুরুষ নয় মহিলা দালালও আছে।
শহরের লঞ্চঘাট, ফেরিঘাট, সেলুঘাট, বাসস্টেশন ইত্যাদি স্থানে রয়েছে দালালদের ঘাঁটি। রোগী দেখা মাত্রই এগিয়ে যান তারা। এই দালালরা তাদের কথা অনুযায়ি রোগীরা না গেলে চরম দুর্ব্যবহার করেন।
সরকারী প্রতিষ্ঠানের অনেক চিকিৎসক অফিস সময়েই কল পেলে ক্লিনিকে এসে চিকিৎসা সেবা দেন। শহরের উকিলপাড়ার বাসিন্দা সরফত আলী বলেন, ‘শহরে অনেক রিক্সা ড্রাইভার ডাক্তার, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের এজেন্ট হিসাবে কাজ করছেন। এরা রোগী এনে দেন এবং কমিশন পান। ড্রাইভারগণ প্রথমে রোগীকে রিক্সায় উঠান, পরে তাদেরকে ফুসলিয়ে তাদের মনোনীত ডাক্তারের কাছে নিয়ে যান।’
এদিকে, এইসব সেবা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতা রয়েছে কিছু ওষুধ বিক্রেতাদের। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম দেখেই ওষুধের দাম বাড়িয়ে দেন এই অসৎ ব্যবসায়ীরা। ক্রেতাদের কাছ থেকে ওষুধের দাম বাড়িয়ে রাখেন। এতেও আছে চিকিৎসকের কমিশন। প্রতি ঘন্টায় কমপক্ষে ১০ জন রিপ্রেজেনটেটিভ পরিদর্শন করেন চিকিৎসকের প্রেসক্রিপশন। তাদের কোম্পানীর ওষুধ লিখলেই আছে কমিশনসহ নানা প্রকার উপহার সামগ্রী।  

  • [১]