শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী কর্মীদের এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) হাতে পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এমআরপি পাওয়ার আশায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনে দালাল চক্রের খপ্পরে পড়ে বৈধতা লাভের সুযোগ হাত ছাড়া হচ্ছে অনেক প্রবাসী কর্মীর। অনেকে বলছেন মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট এখন সোনার হরিণ হয়ে গেছে। এমআরপি ইস্যু নিয়ে চরম সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে পাসপোর্ট অধিদপ্তর যথা সময়ে মালয়েশিয়ায় এমআরপি সরবরাহ করতে না পারায় মালয়েশিয়া সরকারের ঘোষিত রি-হিয়ারিং পারমিট করতে পারছেনা প্রবাসী কর্মীরা। একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের হাতে দ্রুত এমআরপি তুলে দিতে না পারলে অনেক প্রবাসীকে দেশে ফিরে যেতে হতে পারে। প্রবাসী কর্মীরা আঙ্গুলের ছাপ, ব্যাংকে ১শ’ ১৬ রিংগিত জমাসহ ফরম পূরণ করার ৩/৪ মাসেও এমআরপি হাতে পাচ্ছে না। মালয়েশিয়ার বিভিন্ন ডিষ্ট্রিক থেকে হাই কমিশনে আগত প্রবাসী কর্মীরা দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। আবার ওই দালাল চক্রের কেউ কেউ সোস্যাল মিডিয়ায় নিজেকে হাই কমিশনের কর্মকর্তা উল্লেখ করে দ্রুত এমআরপি সরবরাহের প্রলোভন দিয়ে কর্মীদের কাছ থেকে ৪/৫ শ’ রিংগিত হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে
‘হাইকমিশনে সেবা দেওয়ার নাম করে কিছু অসাধু লোক দালালি করছে। শ্রমিকদের কাছ থেকে পাসপোর্ট করানোর নাম করে অতিরিক্ত টাকা আদায় করছে। যার পুরো দায় পড়ছে মালয়েশিয়া আওয়ামী লীগের ঘাড়ে। মালয়েশিয়া আওয়ামী লীগ এ দায় নেবে না।’ সেবা দেওয়ার নাম করে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে পহেলা মে মালয়েশিয়া শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত মে দিবসের আলোচনা সভায় মালয়েশিয়া আওয়ামীলীগের নীতি নির্ধারকরা তাদের বক্তব্য এ কথা বলেন।
এমআরপি’র ফাইল স্বাক্ষর করতে পদে পদে বকশিস দিতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রবাসী কর্মীরা ডিজিটাল পাসপোর্ট পেতে হাই কমিশনের কর্ম-কর্তাদের পিছনে পিছনে ধরনা দিয়েও সময় মত নতুন পাসপোর্ট পাচ্ছেনা। এতে হাই কমিশনের কর্মকর্তাদের প্রতি চরম ভাবে ক্ষীপ্ত হয়ে উঠেছেন প্রবাসীরা।
এ বিষয়ে হাই কমিশনের ফার্ষ্টসেক্রেটারি এসকে শাহীনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, মূলত ঢাকার এমআরপি কার্যালয় থেকে দেরিতে ডেলিভারি হওয়ার কারণে প্রবাসীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। জন্মনিবন্ধন জটিলতা এবং পাসপোর্টধারী স্থানীয় ঠিকানায় নানা রকম ত্রুটির জন্য ডেমোগ্রাফি ও ইফিক্সসংক্রান্ত আবেদনের সংশোধন প্রক্রিয়া চলছে। তবে খুব দ্রুত এসব সমস্যার সমাধান হবে। এক প্রশ্নের জবাবে ফার্ষ্টসেক্রেটারি বলেন, গত ২ মে সোমবার থেকে মনিটরিং কমিটি ভেঙে দেয়া হয়েছে। কমিউনিটিদের গঠিত মনিটরিংএর দায়িত্বে থাকা সবাইকে নিষেধ করা হয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা করছি শ্রমিকদের হাতে পাসপোর্ট দিতে।
এদিকে মালয়েশিয়ায় কর্মরত লাখ লাখ বাংলাদেশী কর্মীরা প্রতি বছর কোটি কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠাচ্ছে। হাই কমিশনে আগত ভুক্তভোগি কর্মীরা জানান, এমআরপি পাইয়ে দিতে দালাল চক্র তৎপর। আর এই দালালদের সাথে হাই কমিশনের একশ্রেণী’র অসাধু কর্মকর্তাদের দহরমহর সর্ম্পক রয়েছে। ভুক্তভোগী কর্মীরা হাই কমিশনে ঢুকতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়।
প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমআরপি পাওয়ার জন্য আবেদন করেও মাসের পর মাস পাচ্ছে না তাদের স্বপ্নের এমআরপি।
শুক্রবার পেনাং থেকে হাই কমিশনে আগত শ্রমিক সাইফুজ্জামান এ প্রতিবেদককে জানান ,পাসপোর্ট পেতে হাই কমিশন থেকে যে তারিখ দেয়া হচ্ছে সে তারিখ পার হয়ে ২/৩ মাস অতিবাহিত হওয়ার পরও পাসপোর্ট পাওয়া যাচ্ছেনা। কি করবে সেটা জানতে হাই কমিশনে গেলে তারা গেটে প্রবেশ করার পর্যন্ত অনুমতি দেয়নি। কিছু কিছু লোক অনায়াসে ভেতরে ঢুকছে আর বের হয়ে আসছে।
ঐ কর্মী বলেন, এসব দালালদের ব্যাপারে হাই কমিশন নিরব কেন বা কি স্বার্থে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্তা গ্রহণ করছে না। এ ছাড়া হাই কমিশনে প্রবাসী কর্মীরা পাসপোর্ট করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কাজ হচ্ছে না। মেশিন রিডেবল পাসপোর্ট ফি ১শ’১৬ রিংগিত এবং কমিশনের কর্তারা দালালদের সাথে আঁতাত করে আরো ৪শ’ থেকে ৫ শ রিংগিতের বিনিময়ে ১ দিনেই ফিঙ্গার প্রিন্ট করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে হাই কমিশনে যোগাযোগ করা হলে হাই কমিশনের কর্তারা অভিযোগটি সঠিক নয় বলে উল্লেখ করেছেন।
এমআরপি সরবরাহে ধীরগতির কারণে প্রবাসীদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা । প্রবাসী কর্মীদের হাতে দ্রুত এমআরপি সরবরাহের বিষয়টি নিশ্চিতকরণ এবং হাই কমিশন চত্বর দালাল মুক্ত করার লক্ষ্যে ভুক্তভোগী কর্মীরা সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।