- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিনব্যাপি স্বাস্থ্য ক্যাম্প ও শিশু মেলা

স্টাফ রিপোর্টার
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও স্কুল মাঠে স্বাস্থ্য ক্যাম্প ও শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি স্বাস্থ্য ক্যাম্প ও শিশু মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় তিনি বলেন, সুনামগঞ্জের সুরমার উত্তর পাড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবচেয়ে বেশী। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুর্নীতিবাজ, লুটপাটকারিরা আজ বিত্তবৈভবের মালিক বনে যান। এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সভাপতির বক্তব্যে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, পরিবার এবং সমাজকে এগিয়ে নেবে তরুণরা। তরুণরা দক্ষ হবে মানবিক গুণাবলির মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সমাজে ন্যায্য অধিকার ও মর্যাদা স্থাপন করতে হবে। মুক্তির সংগ্রামে আমরা পিছিয়ে আছি, তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। মনে  রাখতে হবে, দরিদ্রের আয় বাড়লে বৈষম্য কমবে। তাই যারা অন্যায়ভাবে ব্যাংক, নদী, জমি দখল করছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, দেশের পরিবর্তনের নামই হচ্ছে রাজনীতি । আমরা দেশের ১৫০টি ইউনিয়নে কাজ করছি। আমরা সরকারকে সম্পৃক্তকরণের মধ্য দিয়ে কাজ করতে চাই।
এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাহেদা আহমদ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. জসিম উদ্দিন, পদক্ষেপের বিভাগীয় কর্মকর্তা হাসানুর রহমান, পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা মো. মুজিবুল হক, মাও. এমদাদুল হক প্রমুখ।

  • [১]