দিরাই সংবাদদাতা
দিরাইয়ে চরনারচর ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়ের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় চরনারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা গনেশ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাস, গণেশ দাস, সজল রায়, জহিরুল ইসলাম, রুবেল মিয়া, প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া, ইউপি সদস্য ফতেনুর মিয়া, খোকন মিয়া, মহেশ দাস, তাপস রায়, সংরক্ষিত ইউপি সদস্য প্রমিলা দাস, প্রিয়বালা দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান পরিতোষ রায় নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। পরিষদের দুয়েকজন সদস্য নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে গত নির্বাচনে পরাজিত বলয়ের ইন্দনে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার ইদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণের দিন তিনজন ইউপি সদস্য চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যানের সাথে হট্টগোল শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ট্যাগ অফিসার ইউপি চেয়ারম্যান ও সকল সদস্যদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়।
এ ব্যাপারে ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জল খান জানান, আমি চাল বিতরণ শুরুর পূর্বে চাল বুজে নেওয়ার আগেই দুইজন ইউপি সদস্য ও তার লোকজন চেয়াম্যানের বিরুদ্ধে দুইশত বস্তা চাল আত্মসাতের অভিযোগ এনে চেচামেচি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে আমরা ইউএনও স্যারের সহযোগিতা কামনা করি। পরে ইউএনও স্যার দ্রুতসময়ে ঘটনাস্থলে আসলে চাল বুজে নেই এবং উনার উপস্থিতিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন করি।
ইউপি চেয়ারম্যান পরিতোষ রায় জানান, চাল উত্তোলনের আগে আমি প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়ার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করি। তারা শুক্রবার দিরাই খাদ্য গোদাম থেকে চাল এনে ইউনিয়ন পরিষদের গোদামে সংরক্ষণ করেন। শ্রমিক সংকটের কারনে ৭০ বস্তা চাল নৌকা থেকে উঠানো সম্ভব হয়নি। তাই ৭০ বস্তা চাল নৌকায় রয়ে যায়। চাল বিতরণের দিন নৌকার চাল উঠাতে গেলে দুই ইউপি সদস্য ও তার লোকজন বাধা দেয়। এসয় আমি মোবাইল ফোন ইউএনও মহোদয়ের শরণাপন্ন হই। খবর পেয়ে তিনি ইউপি পরিষদে আসেন এবং উনার উপস্থিতিতে সকল ভোক্তাদের হাতে ঈদ উপহার তুলে দেই। তিনি বলেন, অভিযোগকারী ইউপি সদস্য ও ইন্দনদাতারা তাদের নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে।