- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই’র পল্লীতে হানাহানি প্রাণ গেল দুই জনের

টিপু সুলতান, দিরাই
দিরাইয়ে সালিশ বৈঠকের সিদ্ধান্ত নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে  উভয় পক্ষের ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের কালীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নূর আহমদ (৩৫) ওই গ্রামের আবদুল হকের ছেলে ও আফিজ উল্লা (৬৫) মৃত আবদুল হাশিমের ছেলে। আহতদের মধ্যে দুলাল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২৮), সেজু মিয়া (৩০), আরশাদুল্লা (৩০) ও এরশাদ মিয় কে (৩২) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
দিরাই থানার ওসি আনিসুর রহমান সালিশ বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে।’ বেলা সাড়ে ৩ টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ ও দিরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সুনামগঞ্জের খবরকে বলেন, ‘নিহতরা উভয় পক্ষের হওয়ায় কোথাও কোনো উত্তেজনা নেই। গ্রামের পরিস্থিতিও শান্ত আছে।’
স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে থানার এসআই রজব  আলী  জানান, ১০/১২ দিন আগে কালিনগর গ্রামের সামসুন নূরের ছেলে নাহিদ একই গ্রামের নবাব উল্লার ছেলে জুয়েলের ব্যাটারি চালিত  ইজিবাইক সড়কের নীচে ফেলে দেয়। এতে ইজিবাইকের ব্যাটারি ভেঙ্গে যায়। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়েছে। বুধবারও বিষয়টি মিমাংসা করতে গ্রামের আফিল উদ্দিন লন্ডনির বাড়িতে বৈঠক বসে। বৈঠকে ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউপি সদস্য হাসান মিয়াকে নিয়ে অর্থ জরিমানার বিষয়টি অবগত করতে ক্ষতিগ্রস্ত জুয়েলের বাড়িতে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।  এর জের ধরে দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য হাসান মিয়া বলেন, উভয় পক্ষের লোকজনই গরীব। যে গাড়ির ব্যাটারি ভেঙ্গেছে তার দাদা আফিল উদ্দিন লন্ডনিকে আমরা বুঝিয়ে ২০ হাজার টাকা সহায়তা করার জন্য রাজী করিয়েছি। বৈঠকও হয়েছে তার বাড়িতেই। বৈঠকে সিদ্ধান্তের কথা জানানোর জন্যই আমরা জুয়েলের বাড়িতে গিয়েছিলাম। সেখানেই উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

  • [১]