স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাচাইয়ের লক্ষে দিরাই উপজেলার তিনটি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দিরাই-শাল্লার সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার করিমপুর, তাড়ল ও সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাচাই নিয়ে সভায় আলোচনা হয়। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান এলাকায় প্রার্থী বাচাই সভা না করে ঢাকায় সভা করার বিষয়ে বলেছেন, ‘দলের নির্দেশনা অনুযায়ী সকল এলাকায় প্রার্থী বাচাই স্থানীয়ভাবেই হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের পর উপজেলা কমিটি প্রার্থী বাচাই করে আমাদের কাছে তালিকা দেন। তবে কেবল দিরাই-শাল্লায়ই এসব নিয়ম না মেনে শুনেছি তারা নাকি ঢাকায় যাচ্ছেন। নিয়ম অনুযায়ী আমাদের কাছে তালিকা জমা দেয়ার কথা। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত আমরা কোন তালিকা পাইনি।’
তবে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় দাবি করেছেন, এটা দ্বিতীয় পর্যায়ের সভা। এর আগে সকল ইউনিয়নে বর্ধিত সভা করা হয়েছে। এলাকার নেতা সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত অসুস্থ হওয়ায় আমরা নিজেরাই ঢাকায় গিয়ে উনার উপস্থিতিতে সব কিছু স্বচ্চতার সাথে রেখে আবার দ্বিতীয় পর্যায়ে সভা করছি। সবাই একমত হয়েছেন আওয়ামী লীগ যাকে প্রার্থী করা হবে তাকেই মেনে দিবেন। এর পর উপজেলা কমিটি বসে তালিকা তৈরি করে জেলা ও কেন্দ্রে দুই জায়গায় জমা দেব আমরা। জেলা কমিটির কাছে তালিকা জমা দেব না এ ধরনের কোন কিছু নয়।’
প্রদীপ রায় আরো জানান, সোমবার একইভাবে রফিনগর, ভাটিপাড়া ও চরনারচর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার একইস্থানে রাজানগর ও কুলঞ্জ ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভা করা হবে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে আমরা প্রার্থীদের তালিকা তৈরি করে নেব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার এলাকার সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান মানিক।
সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশারফ মিয়া, করিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া, সাধারণ সম্পাদক বাবুল দাস, তাড়ল ইউনিয়ন শাখার সভাপতি ওয়াহিদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, সরমঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি সমীরণ সরকার ও সাধারণ সম্পাদক ধন মিয়া প্রমুখ।