- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ের ওয়ার্ডের সদস্যের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

দিরাই সংবাদদাতা
সরকারি বিভিন্ন বরাদ্দের বণ্টন নিয়ে বিরোধের জেরে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার সাইদ আহমদ খছরুর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় চেয়ারম্যানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
কোর্ট পুলিশের পরিদর্শক বদরুল আলম বলেন, দিরাইয়ের একটি মামলায় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, সরকারি বিভিন্ন বরাদ্দ ও বন্যার্তদের অনুদানের চালের বন্টন নিয়ে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও মেম্বার সাইদ আহমদ খছরু বিরোধে জড়ান। চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কয়েকজন সদস্য ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন। এরই জেরে গত ২৫ জুন দুই পক্ষের সংঘর্ষে মেম্বার সাইদ আহমদ খছরু ও চেয়ারম্যানের ভাই আজহারুল ইসলাম আহত হন। এরপর গত ৮জুলাই ফের দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এসব ঘটনায় দুই পক্ষ আদালতে মামলা দায়ের করে। বৃহস্পতিবার সাইদ আহমদ খছরুর দায়ের করা একটি মামলায় চেয়ারম্যান আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

  • [১]