স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাই পৌরশহরের প্রাণকেন্দ্র থানা পুলিশ ক্যাম্পাসের সন্নিকটে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি’র মালিকানাধীন সেন মার্কেটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
৬/৭ জনের ডাকাতদল মার্কেটের দু’জন নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭/৮ টি দোকানের সাটারের তালা ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকাসহ অন্তত ১৬ লাখ টাকার মোবাইল সেট লুটে নিয়েছে। শুক্রবার রাতে সেহরির সময় মার্কেটের নীচ ও দোতলায় ডাকাতির ঘটনা ঘটে।
দিরাই থানায় ওসি আনিসুর রহমান বলেন,‘এ ঘটনায় মার্কেটের নৈশপ্রহরী আফতাব উল্যা ও সরফরাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের বক্তব্যের সূত্র ধরে মার্কেটের চতুর্থতলায় অবস্থানরত ক্যাবল অপারেটর সাহিদুর, রিপন, শুভ্র ও সোহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মা টেলিকম সেন্টারের পরিচালক নরেন্দ্র রায়
বলেন,‘ব্যাংক বন্ধ থাকায় বাসার চেয়ে দোকানই নিরাপদ ভেবে দুই দিনের বিক্রির ক্যাশ ৩ লাখ ১৪ হাজার টাকা দোকানে রেখে ছিলাম। ডাকাতরা টাকার পাশাপাশি আরও অন্তত ১১ লাখ টাকার মোবাইল সেট নিয়ে গেছে।
মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান বলেন, ‘নীচে সাথী ফ্যাশন ও দোতালায় স্টারস ফোর্স নামে পৃথক দুটি দোকান আমার ২ ছেলে পরিচালনা করছে। উভয় দোকানের সাটারের তালা ও ক্যাশ বাক্স ভেঙ্গে ডাকাতরা ১ লাখ ৪৭ হাজার টাকা লুটে নিয়েছে।’
মার্কেটের ব্যবসায়ি সমিতির সভাপতি পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন,‘থানা পুলিশ ক্যাম্পাসের পাশে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ব্যবসায়িরা শুধু আতঙ্কিতই নয় ক্ষুব্ধও।’
সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন সরদার বলেন,‘এর আগেও মার্কেটে দু’বার চুরি হয়েছে। ডাকাতির ব্যাপারে সমিতির সদস্যদের নিয়ে আমরা শনিবার সকালে বৈঠক করেছি। রাত ১০ টার দিকে প্রতিটি দোকানের মালিক ও কর্মচারীদের নিয়ে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’