- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ের ৫০ হাজার মিটার কোনা জাল পুড়িয়ে ধ্বংস

দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলায় ৫০ হাজার মিটার অবৈধ কোনা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম। জব্দকৃত জাল সহকারী কমিশনার (ভূমি) অরূপ রতন সিংহের উপস্থিতিতে স্থানীয় বালুর মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, দিরাইয়ের পার্শ্ববর্তী শাল্লা উপজেলার মির্জাপুর গ্রামের জেলেরা উদির হাওরে অবৈধভাবে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে পুলিশের একটি দল জেলেদের অবৈধ কোনা জালসহ আটক করে। আটককৃতদের নগদ ৮ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।
পরে মির্জাপুর গ্রামের ওয়ার্ড সদস্য মো. শফিক মিয়া ভবিষ্যতে জেলেরা আর অবৈধ জাল নিয়ে হাওরে প্রবেশ করবে না মর্মে মুচলেকা দিয়ে জেলেদের ছাড়িয়ে নেয়।
এ প্রসঙ্গে দিরাইয়ের মৎস্য অফিসার শরিফুল আলম বলেন, অবৈধ জাল দিয়ে উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ করার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সরকারের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

  • [১]