দিরাই প্রতিনিধি
দিরাই পৌর শহরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক অবাধে বেপরোয়া ভাবে চলাচল করছে। পৌর এলাকায় এসব অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা ও ইজিবাইক বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রিক্সা চালক ও মালিক সমিতির সদস্যরা।
রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের থানা পয়েন্টে রিক্সা চালক ও মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা কফিল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোবাশ্বির মিয়া, বাচ্চু মিয়া, খালেক মিয়া, স্বপন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর এলাকায় অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক চলাচলের সুবিধা করে দিচ্ছেন ট্রাফিক পুলিশ। তাদের অভিযোগ ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সা ও ইজিবাইকের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নিচ্ছেন ট্রাফিক পুলিশের লোকজন। যার ফলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পৌর এলাকায় এসব অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা ও ইজিবাইক বেপরোয়াভাবে চলাচল করছে এবং প্রায় সময়ই ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা।
তবে এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক সার্জন নিকুঞ্জ দেবনাথ বলছেন, ‘ আই ডোন্ট নো, আমি কিছু দিন হয় এখানে জয়েন করেছি, ট্রাফিক পুলিশ এক অব্যবস্থাপনার মধ্যে দিয়ে কাজ করছে। ব্যবস্থা নিতে গেলে শ্রমিকদের বাধার সম্মুখীন হতে হয়। আইনী প্রক্রিয়ায় দফায় দফায় আমরা ব্যবস্থা নেই। অসহায় শ্রমিকদের কথা চিন্তা করে কয়েকদিন আটকের পর ছেড়ে দেয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ইজিবাইকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।