দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের পরিচালনায় কার্যকরি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ- সভাপতি এ্যডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, এওর মিয়া, সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট অভিরাম তালুকদার, ফজলে এলাহী রাব্বি, সদস্য এ্যডভোকেট শহিদুল হাসমত খোকন, ছোয়াব আলী মিয়া, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, রেজুয়ান খান, সৌম্য চৌধুরী প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন কার্যকরি কমিটির বিভিন্ন সদস্যরা।
উপজেলা কমিটির সদস্য এ্যডভোকেট শহিদুল হাসমত খোকন ক্ষোভ প্রকাশ করে তার বক্তব্যে বলেন, দুই বছর পূর্বে উপজেলা কমিটি গঠন করা হলেও একদিন কমিটির কোন মিটিং হয়নি। আজ পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহনেই কমিটির অনুমোদন নেয়া হয়নি। আজও জানানো হয়নি কমিটিতে কে কোন পদে আছেন। কমিটি প্রকাশ নিয়ে লুকোচুরি করা হচ্ছে।