দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে জলমহাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বরাবরে ইউপি চেয়ারম্যানসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২জনের
বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছেন একই ইউনিয়নের ধীতপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দাস।
জানা যায়, কুলঞ্জ ইউনিয়নের টান্নির হাওর জাওর নামক গ্রুপ জলমহালটি ১৪২৪ বাংলা হইতে ১৪২৬বাংলা পর্যন্ত ধীতপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা প্রদান করা হয়। মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা প্রাপ্তির পর থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রভাব খাটিয়ে জলমহালের বিশাল একটি অংশ জবর দখল করে লুটপাট করে আসছে। জলমহালে মৎস্য আহরণ করতে গেলে মৎস্যজীবীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন। শনিবার বিকাল ৫টায় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জলমহালে নিয়োজিত পাহাড়াদারদেরকে জোর করে তাড়িয়ে দিয়ে মাছ ধরার ১০বান্ডিল সুতার জাল, ১টি ইঞ্জিন চালিতসহ ২টি নৌক লুট করে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, তারা টাংনির জলমহালটি ইজারা নিয়েছেন। সমস্ত হাওর ইজারা নেননি। সমস্ত হাওরে দখলদারিত্ব মেনে নেয়া যাবেনা। শনিবারে আমি সারাদিন দিরাইয়ে ছিলাম। অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।