দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। রবিবার বিকালে দিরাই থেকে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বরাম হাওরের মধ্যখানে এ ঘটনা ঘটে। পথচারী ও হাওরে কৃষিকাজে নিয়োজিত লোকজনের সহায়তায় তিনজনকে আটক করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে আটককৃতদের থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো হাতিয়া মোকাম হাটির মৃত আব্দুর রকিবের পুত্র শাহানুর (২২), শফিক মিয়ার পুত্র আল আমিন (২৩), সুলুক মিয়ার পুত্র সোহাগ (২৩)।
ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শনিবারে আমার ভাগিনা হুমাযূনের সাথে পাশর্^বর্তী হাতিয়া গ্রামের লিলু মিয়ার পুত্র সুবেলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আজ উপজেলা সদরে দাপ্তরিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দিরাই-ধল সড়কের ভাঙ্গাডহর ও কাদিরপুর গ্রামের মধ্যবর্তী বরাম হাওরে সুবেলের নেতৃত্বে চারটি মোটর সাইকেলে করে ১০-১২ জন আমার গতিরোধ করে হামলা চালায়। এসময় হাওরে কাজে থাকা লোকজন ও পথচারিরা এগিয়ে এসে একটি মোটর সাইকেলসহ তিনজনকে আটক করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার ও একটি মোটর সাইকেলসহ তিনজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। চেয়ারম্যান মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।