- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে একাধিক স্কুলে উপবৃত্তি কম দেয়ার অভিযোগ- বাড়ি বাড়ি গিয়ে ফেরত দেয়া হলো টাকা

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে একাধিক প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেয়ায় অভিযোগ ওঠেছে। উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া স্কুলের ক্ষুব্ধ অভিভাকরা টাকা না পেয়ে  বিক্ষোভ করেছেন কেন্দ্রস্থলেই।
টাকা কম দেয়ার ঘটনা নিশ্চিত হয়ে শিক্ষা কর্মকর্তার চাপে রাতেই উপবৃত্তির টাকা বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিয়েছেন কেউ কেউ। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
উপবৃত্তির টাকা কম দেয়ার কথা স্বীকার করে পেরুয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার তালুকদার বলেন,‘মা সমাবেশে শিক্ষার্থীর অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে কৌশল হিসেবে ওই টাকা জমা রাখা হয়েছিল।’
আর স্কুলের প্রধান শিক্ষক সুকুমার দাশ বলেন,  ‘যে সব শিক্ষার্থীর স্কুলের পোষাক ছিল না তাদের টাকা পোষাক বানানোর জন্য রাখা হয়েছিল।
লৌলারচর স্কুলে উপবৃত্তি পায় ৩২৫ শিক্ষার্থী। নোয়ারচর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমেনা বেগম অভিযোগ করেন‘ আমি নিজেও ওই স্কুলে শিক্ষকতা করেছি। এর পরেও আমার ছেলে খয়রুল ইসলামের ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণীতে পড়–য়া দুই সন্তানকে এক হাজার টাকা দেয়া হয়েছে। শুধু এ দু’জনই নয় আরও অনেকের কাছ থেকেই নানা অজুহাতে টাকা রাখা হয়েছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক প্রবীন্দ্র কুমার ভুইয়া বলেন,‘আমার শিক্ষকতা জীবনে কোনো দিন ঘুষ-দুর্নীতির আশ্রয় নেই নি। কোনো শিক্ষার্থী যদি ৫০০ টাকা পেয়ে থাকে তবে কোন কারণে পেয়েছে তার উপযুক্ত কারণ আমার কাছে রয়েছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা সরদিন্দু দাশ বলেন, ‘উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে বার বার শিক্ষকদের সতর্ক করে দেওয়া হয়েছে। টাকা বিতরণ কেন্দ্রে ব্যাংকের ক্ষমতাপ্রাপ্ত অফিসারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি থাকার পরও সামান্য টাকার উপর শিক্ষকরা লোভ সামাল দিতে পারলেন না, এটা খুবই দুঃখজনক। তিনি দাবি করেন, যেসব শিক্ষক উপবৃত্তির টাকা নিয়ে নয় ছয় করেছেন, তদন্তে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার ফখরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার টাকা ১৪ স্কুলের অভিভাবকদের বিতরণ করা হয়েছে। ব্যাংকের ক্ষমতাপ্রাপ্ত ২ জন কর্মকর্তা সরাসরি অভিভাকদের হাতে টাকা তুলে দিয়েছেন। পরে স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ নানা অজুহাত দেখিয়ে টাকা নিচ্ছেন। অনেক অভিভাবকের সাথেই এ নিয়ে শিক্ষকদের বাকবিতন্ডা হলে বিষয়টি প্রকাশ পায়।
ব্যাংক সুত্রে জানা গেছে, উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর স্কুল মাঠ প্রাঙ্গণে  পেরুয়া, লৌলারচর, নোয়ারচর, গোপালপুর, জয়পুর, শ্যামারচর, শ্যামারচর মক্তব, দৌলতপুর, কামালপুর, এলংজুড়ি, সতানন্দপুর, হাজিপুর, মানিকদা, মধুপুর স্কুলের শিক্ষার্থীদের জুলাই ২০১৫ থেকে জুন ২০১৬ পর্যন্ত এক বছরের উপবৃত্তির টাকা দেয়ার কথা ছিল। ওই দিন সকাল থেকে সেখানে ভীর জমান শিক্ষার্থীর অভিভাবকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, ‘মানুষ গড়ার কারিগর যে সব শিক্ষকরা এমন গর্হিত কাজ করেছেন, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।  সবচেয়ে অবাক কান্ড হচ্ছে, যিনি স্কুল পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন , তিনি কিভাবে এসব কর্মকান্ডে জড়ালেন !

 
 

  • [১]