- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে জয়িতাদের সংবর্ধনা প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা, কিশোরীদের অংশগ্রহণে সাইকেল চালানো প্রতিযোগিতা, র‌্যালি ও পুরস্কার বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি    চৌধুরীর সভাপতিত্বে এবং এএসডি টিপিং পয়েন্টের সুরাইয়া সুরতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলায়ার হোসেন, দিরাই প্রেসক্লাব সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, বাংলাদেশ কেয়ার জেলা সমন্বয়কারি রফিকুল ইসলাম, ব্র্যাক সমন্বয়কারী রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ।
সফল জননী হিসেবে রাজিয়া বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসেবে রাশিদা বেগম  ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডলি রানী তালুকদার জয়িতা নির্বাচিত হন। এসময় তাদের হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
এর আগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্র্যাক, এ এসডি, কেয়ার বাংলাদেশসহ যৌথভাবে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
সাইকেল চালানো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুমি আক্তার, দ্বিতীয় তুলি তালুকদার, তৃতীয় আখি রানী দাস, চতুর্থ প্রিয়সী বৈষ্ণব ও পঞ্চম স্থান অর্জন করেন সুবর্না নন্দী।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীসহ অতিথিবৃন্দ।

  • [১]