স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই বোন কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার শিশুকন্যা সিমি আক্তার (৮) ও সিমরান আক্তার (৬)। মঙ্গলবার বেলা ১১ টায় এই মুত্যুর ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১ টায় তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার তিন মেয়ে পাশের বাড়ির এক মহিলার কাছে আরবি পড়তে যায়। এসময় অযু করতে তিন বোন পুকুরে গেলে প্রথমে সিমরান (৬) পুকুরে পড়ে যায়। তখন সিমরানকে পানি থেকে তুলতে বড়বোন সিমি আক্তার (৮) পানিতে নামলে দুইবোনই পানিতে ডুবে যায়। এ ঘটনা ছোট বোন বাড়িতে গিয়ে জানালে অন্যরা এসে দেখেন, দুই বোনই পানিতে ডুবে মারা গেছেন। পরে নিহতের আত্মীয় স্বজনরা পানি থেকে দুই বোনের লাশ উদ্ধার করেন।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিরাই সদর থেকে অনেক দূরের গ্রাম হওয়ায় পুলিশ পাঠানো যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা অপমৃত্যুর বিষয়টি নিশ্চত করে, লাশের দাফন সম্পন্ন করার অনুমতি নিয়েছেন।