- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মন্দিরের মূল্যবান ৪ টি মূর্তি চুরি

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের প্রাচীনতম জগন্নাথ জিউর মন্দিরের মূর্তি চুরির খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে থাকা ধাতব পদার্থের তৈরী মূল্যবান চারটি মূর্তি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায় এবং একটি কাঠের তৈরী জগন্নাথ মূর্তি পাশের জঙ্গলে ফেলে যায় । খবর পেয়ে রবিবার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এহচান চৌধুরী, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর জলিল, ওসি তদন্ত দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরের পূজারী রাধারমন জানান, ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে মন্দিরের দরজা তালা দিয়ে প্রতিদিনের মত রাতে ঘুমুতে যাই, ভোর বেলা  প্রার্থনায় আসলে দেখি মন্দিরের তালা নেই এবং মন্দিরে রক্ষিত জগন্নাথদেব,      
গোপাল, রাধা কৃষ্ণ, শালগ্রাম পাথর ও ভক্তদের দানকৃত লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নেই। তাৎক্ষণিক বিষয়টি মন্দির পরিচালনা কমিটির লোকজনদের জানানোর পর গ্রামের লোকজনসহ সবাই ঘটনাস্থলে উপস্থিত হন। খোজাখুজির এক পর্যায়ে পাশের জঙ্গলে কাঠের তৈরী জগন্নাথদেবের বিগ্রহটি পাওয়া গেলেও  মূল্যবান মূর্তিগুলো পাওয়া যায়নি। মন্দিরের মূর্তি চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন মহন্ত শ্রীল শ্রীযুক্ত গৌরহরি গোস্বামী জানান, ৩০ বছর আগে আমি এখানে দায়িত্ব পালনকালে ৫৩০ তম দোল উৎসব পালন করি, প্রাচীন এই মন্দিরের মূল্যবান মূর্তিগুলো অরক্ষিত থাকলেও কোন ধরনের চুরি সংঘটিত হয়নি, তখনকার সময়ে ভক্তদের দানকৃত অনেক মূল্যবান জিনিসপত্র মন্দিরে রক্ষিত ছিল। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস বলেন, চুরির ঘটনা থানা পুলিশকে অবগত করা হয়েছে, তারা পরিদর্শন করে গেছেন, গ্রামবাসীদের নিয়ে  দ’ুএকদিনের মধ্যে আমরা লিখিত অভিযোগের ব্যাপারে সিদ্ধান্ত নেব, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী গ্রামের কেউ ষড়যন্ত্রমুলক এ  চুরির ঘটনা ঘটাতে পারে। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আবদুল জলিল বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহচান চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই, মন্দিরে চুরির ঘটনা  দুঃখজনক, ঘটনার রহস্য উদঘাটন ও  জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

  • [১]