- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে ‘মহাদেব দেবতা’র গাছে আগুন দিল কারা?

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাদেব দেবতার’ গাছে আগুন দিল কারা? পুরো এলাকার হিন্দু-মুসলমান সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে এই প্রশ্ন দেখা দিয়েছে এবং এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনও এ ঘটনায় বিব্রত হয়েছেন। হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের লোকজনই বলেছেন,‘কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বা সাম্প্রদায়িক উত্তেজনা ছাড়ানোর জন্যও এই ঘটনা ঘটানো হতে পারে’। শনিবার রাত ৮টায় দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের আলীপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আগুনে মহাদেব গাছের একাংশ ভম্মিভুত হয়েছে। খবর পেয়ে রাতেই সুনামগঞ্জের এডিশনাল এসপি হাবিবুল্লাহ, ওসি তদন্ত দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়েছে । রোববার সকাল ১১টায় দিরাই উপজেলার ইউএনও মো. আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরেই মহাদেব দেবতার গাছ সংলগ্ন আলীপুর গ্রামবাসীর ৪ একর ৪২ শতক পঞ্চায়েতি জমি নিয়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলছে। এর মধ্যেই গ্রামের মৃত কৃষ্ণ দাসের ছেলে সাধন দাস পার্শ্ববর্তী শ্যামারচর মাউতি গ্রামের মুসলিম মিয়ার কাছে  
২ লাখ টাকায় কিছু জমি বিক্রি করেছেন।
গ্রামবাসীর বাধা উপেক্ষা করে মহাদেব গাছের পাশের জমি ভরাট করান মুসলিম মিয়া।
আলীপুর গ্রামের ফনি ভূষণ দাস বলেন,‘অনেক বছর ধরেই আলীপুরসহ শ্যামারচর এলাকার হিন্দু-মুসলমান আমরা এক সঙ্গে বসবাস করছি। বিয়ে-সাদী, আচার অনুষ্ঠান সকলে একসঙ্গে করে আসছি। কোন সময় বিরোধ হলে নিজেরাই সমাধান দিচ্ছি। কিন্তু শনিবার সন্ধ্যায় যেটি ঘটলো, সেটি কারা ঘটালো, কেন ঘটালো, তাদের কী উদ্দেশ্য? এটি নিয়ে আমরা চিন্তিত। মহাদেব গাছে আগুন প্রথমে দেখেন শ্যামারচরের মটর দাস নামের একজন ঐ পথ দিয়ে যাবার সময়। তিনি দৌড়ে গিয়ে আলীপুরের মানুষকে জানান। গাছের আগুন ৮-১০ হাত উপরে ওঠেছিল। আগুন দেখলেই বুঝা যায় কেউ পেট্রোল বা এই জাতীয় দাহ্য কিছু ঢেলে আগুন দিয়েছে।’ তিনি জানান, মহাদেব দেবতার গাছের পাশের পঞ্চায়েতি জমি ৬ জনের নামে ছিল। এই ৬ জনের একজন সাধন দাস শ্যামারচরের মুসলিম মিয়া নামের একজনের কাছে কিছু জমি বিক্রি করেন। গ্রামবাসী তাতে বাধা দেন। মুসলিম মিয়া জমি ভরাট করলেও গ্রামের মানুষের আপত্তিতে তিনি শুক্রবার সাধন দাসের কাছ থেকে বায়নার এক লাখ টাকা ফেরৎ নেন। গ্রামবাসী ৫ দিন আগে এই জমিতে গাছের চারা লাগান।
আলীপুর গ্রামের সুরেন্দ্র দাস বলেন,‘ধর্মীয়ভাবে কিংবা সামাজিকভাবে এখানকার হিন্দু-মুসলিমের ভাল সম্পর্ক রয়েছে। শনিবারও মহাদেব গাছে আগুন দেখে মুসলিম সম্প্রদায়ের অনেকে নেভানোর জন্য এসেছেন। তবে দেবতা গাছের পাশের মুসলিম যারা ছিলেন, তারা আগুন লাগার পর জানালে বা নেভানো শুরু করলে, আলীপুরবাসী আরো বেশি খুশি হতো।’
মহাদেব দেবতার গাছের পাশের বাড়ি’র মো. শাহাবউদ্দিন বলেন,‘এটি আমাদের সকলের জন্য দুঃখজনক ও লজ্জাজনক হয়েছে। সকলেরই ধারণা এখনো পেট্রোল জাতীয় কিছু দিয়ে আগুন ধরানো হয়েছে। কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এটি ঘটাতে পারে’।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রতন তালুকদার বলেন,‘এটি সাম্প্রদায়িক কোন ঘটনা নয়। কোন ব্যক্তি তার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করি আমি’।
দিরাই থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন বলেন,‘একটি কাঁচা গাছে আগুন যে উচ্চতায় উঠেছে, কিংবা গাছটি যেখানে রয়েছে, সেখানে কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন না দিলে, আগুন লাগার কথা নয়। আমরা বিষয়টি গুরুতের সাথে দেখছি। ওখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আগুন লাগানোর রহস্য উদ্ঘাটনের চেষ্টাও হচ্ছে’।

  • [১]