- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ

আবু হানিফ চৌধুরী, দিরাই
দিরাই উপজেলার হাজী মাহমদ মিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সুপার আবদুল জলিলের বিরুদ্ধে জামায়াত কানেকশন, জামায়াত শিবিরের রাজনীতিতে অর্থের যোগান ও        পালাতক জামায়াতের সক্রিয় সদস্যদের আশ্রয়দানের অভিযোগ উঠেছে। এমনকি কোমলমতি শিক্ষার্থীদের সক্রিয় শিবির কর্মী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য কপিল উদ্দিন। রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে এমন অভিযোগ করেন তিনি।  
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, হাজী মাহমদ মিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সুপার আবদুল জলিল একজন জামায়াতের সদস্য, জামায়াতের অর্থ যোগানদাতা ও আশ্রয়দাতা। বিগত ২০১৬ সালের ১৭ ডিসেম্বর জামায়াতের গোপন মিটিং হতে এই মাদ্রাসার গণিত শিক্ষক জামায়াতকর্মী রায়হানুল ইসলামসহ জামায়াতের আরও অনেক কর্মী দিরাই থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে যান। অভিযুক্ত গণিত শিক্ষক রায়হানুল ইসলাম ১১ নম্বর আসামী হিসাবে প্রায় দেড়মাস জেল কাটার পর জামিনে মুক্ত হয়ে মাদ্রাসায় যোগদান করেন। কিন্তু মাদ্রাসার সুপার আবদুল জলিল জামায়াতকর্মী রায়হানুল ইসলামের সাথে যোগসাজসে গত ৭ ফেব্রুয়ারী তারিখের সভায় নিয়ম বহির্ভূতভাবে অভিযুক্ত গণিত শিক্ষক রায়হানুল ইসলামকে অবৈধভাবে অসাধারণ ছুটি দেখিয়ে রেজুলেশনে লিপিবদ্ধ করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমির আলী জানান, অভিযুক্ত শিক্ষকের যোগদানের ব্যাপারে কমিটির সিদ্ধান্ত নয়, মাদ্রাসা সুপার আবদুল জলিলের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে। মাদ্রাসা সুপার আবদুল জলিল বলছেন, আমার একার সিদ্ধান্ত নয় পরিচালনা কমিটির সিদ্ধান্তমতে গণিত শিক্ষক রায়হানুল ইসলামের যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবগত করেন নাই, জেল হাজতে থাকা কোন শিক্ষকের আসাধারণ ছুটির আইগত বিষয়টি আমার জানা নেই।

  • [১]