- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সিএনআরএস’র ত্রাণ বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
ত্রাণ সহায়তা প্রদানের নামে এনজিও সংস্থা সিএনআরএস-এর প্রতিনিধি ও দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চরনারচর ইউপির এলংজুরী গ্রামের তরুণ কান্তি তালুকদার বকুল সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরিষদের ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা মমতাজ বেগম নিজে একাধিক কার্ড করে ভিজিএফ-এর চাল উত্তোলন করছেন। তিনি     
 সিএনআরএস-এর কার্ডধারী পেরুয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে রাছমিন আক্তারের কার্ডে ছবি লাগিয়ে টাকা উত্তোলন করছেন। বিভিন্ন সহায়তা প্রদানের জন্য গরিবদের কাছ থেকে টাকা আদায় করেছেন তিনি ।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, শ্যামারচর বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বসে সিএনআরএস-এর ত্রাণ সহায়তাভোগীদের কাছ থেকে প্রতি কার্ডে ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সহায়তার সিএনআরএস-এর ফিল্ড অফিসার সুসান্ত দাস, শাহীন মিয়া, পিও ওশিউর রহমান, মুক্তার হোসেন প্রতি কার্ডে ২৫০০ থেক ৩০০০ টাকা পর্যন্ত আদায় করছেন।   
ওই ওয়ার্ডের দরিদ্র লোকদের সহায়তা প্রদান করতে ইতোপূর্বে প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। কিন্তু সেই প্রশিক্ষণপ্রাপ্তদের সহায়তা প্রদান করা হয়নি। তারা সহায়তা বঞ্চিত হয়েছেন।

  • [১]