দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ১ জন নিহত ও অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত রায়হান (২০) শরীফপুর গ্রামের আকবর আলীর পুত্র। গুরুতর আহত একই গ্রামের সুন্দর আলীর পুত্র সোহাগ মিয়া (২০) ও নজরুল মিয়ার পুত্র পারভেজ মিয়া (২০) কে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় দিরাই মদনপুর সড়কের শরীফপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রায়হান দুই বন্ধুকে নিয়ে তার নিজের মোটর সাইকেলযোগে শরীফপুর থেকে দিরাই আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানের মৃত্যু নিশ্চিত করেন। আশংকাজনক অবস্থায় তার সাথে থাকা অপর দুই আরোহী সোহাগ ও পারভেজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রায়হানকে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।