- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে হাতকড়াসহ ২ আসামীর পলায়ন

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী হাতকড়া সহ পালিয়েছে। বুধবার রাতে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন থাকাবস্থায় তারা পালিয়ে যায়।
দিরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার ছুরত আলম অবশ্য দাবি করছেন, বৃহস্পতিবার বিকেলে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া পালিয়ে যাওয়া ২ আসামীকে এলাকাবাসীর সহায়তায় পাকড়াও করে থানায় সোপর্দ করেছেন।  
হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত উপজেলার কালিনগর গ্রামের ৯ জনকে বুধবার দুপুর ১ টার দিকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে ৫ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দিরাই থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘বুধবার কালিনগর গ্রামে সংঘর্ষের ঘটনায়  উভয় পক্ষের ২ ব্যক্তি নিহত হলেও কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা দায়ের করেনি। এ ঘটনায় দিরাই হাসপাতালে ভর্তি ৩ জনসহ সিলেটে চিকিৎসাধীন আরও ৫ জনকে ৫৪ ধারার গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে বুধবার রাতে হাতকড়াসহ নুরুল ইসলামের ২ ছেলে ফয়সল মিয়া ও তরিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড থেকে পালিয়ে যায়।’
প্রসঙ্গত, সালিশ বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বুধবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের কালী নগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে  নূর আহমদ ও আফিজ উল্লা নিহত হয়। পলাতক ২ আসামী নিহত নুরুল ইসলামের পক্ষের বলে জানা গেছে।

  • [১]