স্টাফ রিপোর্টার, দিরাই
সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট ও মহিলা কলেজ’র উদ্বোধন আগামীকাল শনিবার। পৌর এলাকার দোওজ গ্রামে কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরীর কাজ চলছে জোরেশোরে। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয়
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বর্ষীয়াণ রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত এমপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বুধবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর মেয়র মোশাররফ মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতির কথা নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন। এর আগে সরকারের কোনো শিক্ষামন্ত্রী দিরাই আসেন নি।
এ দিকে উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে পৌর শহরে উপজেলা ও কলেজ ছাত্রলীগ যৌথভাবে মিছিল করেছে। এছাড়া উপজেলা আওয়ামীলীগ সকল সহযোগী সংগঠনকে নিয়ে যৌথ সভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের দায়িত্বশীল নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায় বলেন, দিরাইয়ে এই প্রথম সরকারের একজন শিক্ষামন্ত্রী আসছেন। দিরাইবাসীর জন্য এটা খুবই আনন্দের। বিশেষ করে সুরঞ্জিত সেন গুপ্তের নামে ব্যতিক্রমধর্মী দুটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করবেন তিনি। উদ্বেধনী অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।