টিপু সুলতান ও পিসি দাস পীযুষ
অপ-রাজনীতি মানুষকে ধ্বংস করে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই থানা পয়েন্ট চত্তরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করে বলেন,‘পৃথিবীর রাজনীতি আজ কঠিন থেকে কঠিন হয়ে উঠছে। বিশ্বে আজ প্রতিনিয়ত রাজনীতি বদলাচ্ছে, আজ কাবুলে, কাল মক্কা শরীফে বোমা পড়ছে, ফ্রান্সে গুলি পড়ছে, জার্মানী আমেরিকায় গুলাগুলি হচ্ছে, আমাদের দেশও বাদ নয়, গুলশানে নীরিহ বিদেশী মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মানুষ মানুষকে এভাবে জবাই করে হত্যা করতে পারে আমরা কখনও ভাবি নাই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা’র এমপি মহিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান , ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী, ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান, যুবলীগ সভাপতি রঞ্জন রায়, কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া।
যুবলীগ নেতা বিকাশ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সুরঞ্জিত সেন আরও বলেন, ‘রাজনীতি যখন সৃজনশীল হয় না, তখন উন্নয়ন-শান্তি ও সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যার মাশুল দিতে হয় নিরীহ জনগণকে।’ তিনি বলেন, ‘যে জাতি স্বাধীনতা ও মুক্তির জন্য বিশ্ব মানচিত্রে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারে সেই বীরের জাতি দেশী-বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্তের কাছে মাথা নত করতে পারে না, সে জাতি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রকে অনুজ্জ্বল হয়ে থাকতে দিতে পারে না।’
সুরঞ্জিত সেন বলেন, রাজনীতি মানুষকে গণতন্ত্র ও উন্নয়ন দেয়, কিন্তু অপরাজনীতি মানুষকে ধ্বংস করে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা আজ ধ্বংস হচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারার এমপি মহিবুর রহমান মানিক বলেন, এমপি অনেকেই হতে পারেন কিন্তু সুরঞ্জিত সেন গুপ্ত এই দেশের সংবিধান, ইতিহাস ও মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত।
শাল্লায় সুরঞ্জিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,‘দেশ ও জাতির কল্যাণ সাধনের ব্রত নিয়ে জনপ্রতিনিধিদের কাজ করাই সর্বপ্রথম কর্তব্য। এলাকার মানুষ বিশ্বাস করে মহামূল্যবান ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছেন। তাই দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হোন। এখন ওই সব মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন সাধনায় ব্রতি হয়ে দেশকে এগিয়ে নেওয়াই হবে আপনাদের লক্ষ্য।’
শনিবার শাল্লায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগ আযোজিত নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্যদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে ও বিশ্বজিত চৌধুরী নান্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শাল্লা ইউপি চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, বাহারা ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান বিধান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি পার্সি চৌধুরী, সহ-সভাপতি আব্দুস সাত্তার আ. লীগ সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী প্রমুখ ।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম আসিফ বিন ইকরাম, থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, আ.লীগের সাবেক সহ-সভাপতি নরেশ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক, আটগাঁও ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপির বর্তমান চেয়ারম্যান সুবল দাস ও নব-নির্বাচিত চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জামান চৌধুরী ফুলমিয়া, এবং আ.লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সভায় বিএনপি নব-নির্বাচিত আটগাঁও ইউপির ১নং ওয়ার্ড সদস্য মোশাহিদ মিয়া, ৩নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম ৮নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধান অতিথি সুরঞ্জিত সেনগুপ্তকে ফুলের মালা পড়িয়ে আওয়ামী লীগে যোগদান করেন ।