সু.খবর রিপোর্ট
দিরাই উপজেলায় ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফয়েজুর রহমান তাদের মনোনয়নপত্র বাতিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই রিটার্নিং কর্মকর্তা।
বাতিলকৃত প্রার্থীরা হলেন দিরাই সরমঙ্গল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত রায়, জাসদ মনোনীত কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রামিম চৌধুরী। কৃষ্ণ কান্ত রায় ও রামিম চৌধুরী আয়কর রিটার্ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল হয়।
এছাড়া মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় করিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুহেদ আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে মনোনয়নপত্র যাছাই বাছাই সোমবার সম্পন্ন হয়েছে। সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাছাইকালে চেয়ারম্যান প্রার্থী দুইজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। বাতিলকৃত দুই প্রার্থী হলেন পাটলী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নবাব ছলিমুল্লাহ ও রানীগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মজলুল হক।
স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মজলুল হক জানান, আমি কোন ঋণ খেলাপি নই। এলাকার একজনের ব্যাংকের গ্রান্টার (জামাতনকারী) ছিলাম। তবে এ বিষয়ে আমি আপিল করব।
উপজেলা নির্বাচন রির্টানিং অফিস সুত্র জানায়, সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ ও সাধারণ সদস্য পদে ২৪০ জনসহ মোট ৩৫৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এর মধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, মনোয়নপত্রে দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী নবাব ছলিমুল্লার মনোনয়ন বাতিল করা হয়। অপর স্বতন্ত্র প্রার্থী মজুলল হক ঋণ খেলাপির কারণে তাঁর মনোনয়নপত্র অধৈ ঘোষণা করা হয়েছে।
বিশ্বম্ভরপুর ৬ জনের মনোনয়নপত্র বাতিল
বিশ্বম্ভরপুর উপজেলার ৫ টি ইউনিয়নে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়।
ফতেপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৬ নং ওয়ার্ডে জসীমউদ্দীন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ নং ওয়ার্ডে পাপিয়া ও একই ওয়ার্ডের জেসমিন আক্তারের মনোনয়ন বাতিল করা হয় হয়।
পলাশ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের আব্দুল মালেক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডের রেহাত উল্লাহ ও ৩ নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
পলাশ, ধনপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং অফিসার মো: মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।