স্টাফ রিপোর্টার, দিরাই
পৌরসভার সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় গণমিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট, এলজিইডি সিলেট অঞ্চল ও দিরাই পৌরসভা। পৌর মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন।
পৌর সচিব শাহ্ অলিউর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার হোসেন ও প্যানেল মেয়র বিশ্বজিত রায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষমতার উৎসই হচ্ছে জনগণ। কারণ এসব প্রতিষ্ঠানে যারা কাজ করেন, তারা জনগণকে সেবার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচিত হয়ে আসেন। কাজেই এসব প্রতিষ্ঠানের সাথে জনগণের সুসম্পর্ক থাকতে হবে। কেননা জনগণের করের টাকাই হচ্ছে এসব প্রতিষ্ঠানের নিজস্ব আয়। তিনি বলেন, পৌরসভা একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। স্থানীয় সরকার পৌরসভা আইনের দ্বারা পৌরসভা পরিচালিত হয়। পরে কর্মশালার উদ্বোধন করে পৌর মেয়র মোশাররফ মিয়া আধুনিক পৌরসভা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।