- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই-শাল্লায় সুরঞ্জিত ও মতিউর সমর্থকদের লড়াই

দিরাই প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর ২ জনের (প্রবাসী প্রার্থী) বাড়ি দিরাইয়ে হলেও এখানকার রাজনৈতিক কর্মীরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের পক্ষ নিয়েছেন। স্থানীয় রাজনীতিকরা এই প্রচারণাকে সুরঞ্জিত-মতিউর সমর্থকদের মর্যাদার লড়াই হিসেবেই দেখছেন।
স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি যুক্তরাষ্ট্রে থাকলেও তার অনুসারী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যারিস্টার ইমনের পক্ষে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমানের অনুসারী নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের পক্ষে ভোট চাইছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এ প্রসঙ্গে বলেন,‘দিরাই-শাল্লায় আগে থেকেই দল বিভক্ত। জেলা পরিষদ নির্বাচন ঘোষণা দেবার পরই মুকুটের প্রচারণায় আমি ছিলাম। সেহেতু আমার সমর্থকরা স্বাভাবিকভাবে সেভাবেই থাকতে পারে। দলীয় প্রার্থী ঘোষণার পর আমি প্রচারণায় নামিনি। এখন দল নমনীয় হয়েছে। আমি আমার কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব’।
সুরঞ্জিত সেন গুপ্তের সমর্থক হিসাবে পরিচিত দিরাই পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মোশারফ মিয়া বলেন,‘দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার ইমন ও সদস্য       প্রার্থীদের পক্ষে নির্বাচনী তফসিলের আচরণবিধি অনুযায়ী ১২ তারিখের পর আমরা প্রচারণায় নামবো। কিন্তু দলের জেলা সভাপতি মতিউর রহমান সাহেব নিজেই নুরুল হুদা মুকুটের পক্ষে বৃহস্পতিবার প্রচারণায় অংশ নিয়েছেন’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এ প্রসঙ্গে অবশ্য বলেছেন,‘আমি প্রচারণায় যেতে পারি। কিন্তু বৃহস্পতিবার প্রচারণায় নয়, ব্যক্তিগত অন্য কাজে দিরাই গিয়েছি’।

  • [১]