স্টাফ রিপোর্টার, দিরাই
পাহাড়ি ঢল, জলাবদ্ধতা ও শিলাবৃষ্টিতে দিরাই ও শাল্লা উপজেলায় অন্তত ৪০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন, কৃষির সাথে সংশ্লিষ্টরা। এর মধ্যে শুধু দিরাই উপজেলাতেই সরকারিভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতির জন্য পাঁচটি কারণ চিহ্নিত করেছেন।
এ উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৮৫০ হেক্টর আবাদকৃত জমির মধ্যে পৌনে ২২ হাজার হেক্টর জমির উঠতি ফসলের ক্ষতি হয়েছে। এতে ২৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার কৃষক পানিতে তলিয়ে যাওয়া ৮৫ ভাগ ফসল তোলে আনলেও ৮০০ টাকা মণের ধান ৪০০ টাকায় বিক্রি করে ধান কাটার শ্রমিকের চড়া মজুরী ও মাড়াই কলের মূল্য পরিশোধ করায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে
শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক বলেন, ২২ হাজার হেক্টর ফসলের মধ্যে জলাবদ্ধতায় ৬০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হলেও হাওররক্ষা বাঁধ ভেঙ্গে ফসলের কোনো ক্ষতি হয় নি। তবে বৈরী আবহাওয়ার কারনে ৬/৭ দিন রোদ না থাকায় চারা গজিয়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন,‘মোট আবাদকৃত ২৭ হাজার ৮৫০ হেক্টর জমির মধ্যে সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। এতে প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। একমাত্র কালিকোটা ছাড়া বাঁধ ভেঙ্গে বরাম, চাপতি, উদগল, হুরা মন্দিরা ও টাংনির হাওর পানিতে তলিয়ে ফসলের ক্ষতি হয়েছে।’
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন বলেন,‘পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত ফসলের ৮০/৮৫ ভাগই কৃষকরা তুলে এনেছেন। তবে জলাবদ্ধতা, শিলাবৃষ্টি, ধান কাটার শ্রমিক সঙ্কটসহ মাড়াইকৃত ধান যথাসময়ে শুকাতে না পারায় সব পর্যায়ের কৃষকই কমবেশী ক্ষতিগস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষক আগামী মৌসুমে যাতে ফসল ফলাতে পারেন তার জন্যে কৃষি পুনর্বাসনের বিষয়টি আজকের জেলা সমন্বয় সভায় উত্থাপন করবো।’
চাপতির হাওরপারের মাতারগাও গ্রামের কৃষক অপু মিয়া ও ছল্লুক মিয়া জানালেন,‘অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে পুরো একটি বছর জীবন-যাপনের জন্য যা কিছু প্রয়োজন তার সবটাই নির্ভর করে একমাত্র ফসল বোরো’র ওপর। কোনো কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে আরেকটি ফসল না ওঠা পর্যন্ত পরিবারের সদস্যদের ব্যয় নির্বাহে শেষ সম্বল ভিটেমাটি-জমিজমা বিক্রি করা ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। এতে অনেকেই সর্বশান্ত হয়ে পড়ছেন।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া অভিযোগ করেন,‘উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ফসলহানির ঘটনায় সঠিক তথ্য উপস্থাপন না করে মনগড়া প্রতিবেদন দিচ্ছেন। এবার পাউবোর’র সীমাহীন দুর্নীতি ও পিআইসিকে নিয়ে বাঁধের অর্থ ভাগ-বাটোয়ারার কারণে প্রতিটি হাওরের বেশীরভাগ ফসল ডুবেছে। তিনি দাবী করেন, বরাম হাওরে তার ৩২ কেদার জমির উঠতি ফসলের পুরোটাই বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে।
সাবেক রেল মন্ত্রী ও এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের বরাত দিয়ে তার একান্ত সহকারী কামরুল হক বলেন,‘অসময়ে ফসলহানির জন্য পাউবো’র প্রকৌশলী ও প্রতিটি পিআইসি দায়ি। এদের কাউকেই ছাড় দেয়া হবে না।’